হোম > স্বাস্থ্য

শোকজের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব দিতে আরও ৪৮ ঘণ্টা সময় পেয়েছে রাজধানীর আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ রোববার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) আবু হোসেন মো. মাইনুল আহসান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মাইনুল আহসান বলেন, আদ্‌-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের আরও ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। ৯ জুন বিকেল ৫টার মধ্যে তাদের শোকজের জবাব দিতে হবে। গত শুক্রবার ও গতকাল শনিবার বন্ধের দিন থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে বক্তব্য দিতে পারেনি। এ কারণে তারা সময় বাড়ানোর আবেদন করে। মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সময় বাড়ানো হয়েছে।

এর আগে, গতকাল এক ব্রিফিংয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে। ওই প্রতিবেদন পাওয়ার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না—এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এতে ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

মন্ত্রী আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল স্থাপন ও পরিচালনা-সংক্রান্ত আইন ও বিধিমালা পর্যালোচনা করে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ২৭ মে ভোরে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্‌-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে পর্যবেক্ষণে থাকা ছয় নবজাতকের মৃত্যু হয়। পরে সরকার গঠিত তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় বলে জানা যায়।

২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু আরও ৪

তরুণীদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে টাইপ-২ ডায়াবেটিস, গবেষণায় জানা গেল কারণ

গত ২৪ ঘণ্টা: হামে মৃত্যু নেই, উপসর্গ নিয়ে প্রাণ গেছে ৫ জনের

বর্ষায় ডেঙ্গুর হানা: সচেতনতাই বাঁচাতে পারে জীবন​

কোন চায়ে মিলবে স্বাস্থ্যসুবিধা

দৃষ্টিশক্তি ভালো রাখবেন যেভাবে

হাই-প্রোটিন ডায়েট কেন ওজন কমাতে কার্যকর

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে দাঁড়াল ৬৪৩ জনে

লাইসেন্স বাতিল আদ্‌-দ্বীন হাসপাতালের নয়, প্যাথলজি সেন্টারের: আইনজীবী

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, সবাই ঢাকায়