আর্লিং হালান্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিও ও ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, বর্তমান ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ক্লাব এবং নরওয়ে জাতীয় দলের ওই ফরোয়ার্ড ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
এ দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে এখানে, এখানে এবং এখানে।
টিকটকে পোস্ট আছে এখানে।
ইউটিউবে পোস্ট আছে এখানে , এখানে ।
‘আসক্ত মায়া’ নামের একটি ফেসবুক পেজ থেকে ১৫ মার্চ রাত ১১টা ৩৬ মিনিটে আলোচিত দাবিতে ১০ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করা হয়। আজ (২০ মার্চ) বেলা ২টা ৪২ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ৪৭ হাজারবার দেখা হয়েছে। ভিডিওটিতে রিঅ্যাকশন পড়েছে ৩ হাজার ২০০। এ ছাড়া ৬৭টি কমেন্ট ও ৫৩ শেয়ার হয়েছে।
আজকের পত্রিকার অনুসন্ধান
পর্যবেক্ষণে দেখা গেছে, ভিডিওর শুরুতে হালান্ডের মতো দেখতে একজনকে ‘লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ বলছেন। এরপর পাশে থাকা একজন তাঁকে জড়িয়ে ধরে গলায় চুমু দেন। এ সময় ওই ব্যাক্তির ডান হাতে ছয়টি আঙুল দেখা যায়, যা এআই দিয়ে তৈরি ভিডিওর সাধারণ ভুল। এ ছাড়া ভিডিওতে দেখানো ঘরের দৃশ্যের সঙ্গে গির্জার মিল রয়েছে।
ছড়িয়ে পড়া ছবিগুলোর মধ্যে কোনো ছবিতে দেখা যায় হালান্ড মসজিদের ভেতরে বসে আছেন, আবার কোনো ছবিতে মোনাজাত করছেন।
এ ছাড়া ভাইরাল ভিডিও ও ছবিগুলোর বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। একই সঙ্গে বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে খোঁজ করেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। আর্লিং ব্রাউট হালান্ডের ভেরিফায়েড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও এ বিষয়ে কোনো পোস্ট নেই।
বিষয়টি নিশ্চিত হতে ফ্যাক্টচেক টিম এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation (হাইভ মডারেশন)-এর সহায়তা নেয়। পরীক্ষায় দেখা যায়, ভিডিওর দৃশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ এবং অডিও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৩ দশমিক ৫ শতাংশ। এ ছাড়া ভাইরাল ছবিগুলোও এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ।
সিদ্ধান্ত
‘আর্লিং হালান্ড মুসলিম ধর্ম গ্রহণ করেছেন’, এমন দাবি সঠিক নয়। ভিডিও ও ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।