দেড় বছরের বেশি সময় পর আবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘রাজার চিঠি’। আজ রাজধানীর শিল্পকলা একাডেমিতে রয়েছে নাটকটির দুটি প্রদর্শনী। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বিকেল ৫টা ১৫ মিনিট এবং সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে দেখা যাবে রাজার চিঠি।
১৯৩৯ সালে শাহজাদপুরের শ্রী হরিদাস বসাকের একটি চিঠির উত্তরে চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই চিঠি এবং রবীন্দ্রসাহিত্যের প্রভাবে হরিদাস বসাকের জীবন রবীন্দ্রনাথের ঠাকুরদা চরিত্রের মতো হয়ে ওঠে। এই কাহিনি নিয়েই নাটক রাজার চিঠি। এটি জাগরণী থিয়েটারের ১৫তম প্রযোজনা। রচনা করেছেন মাহফুজা হিলালী, নির্দেশনা দিয়েছেন দেবাশীষ ঘোষ।
নাটকের গল্পে দেখা যাবে, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে একটি চিঠি লেখে যুবক হরিদাস। এ নিয়ে তার পরিবার-পরিজন এবং বন্ধুবান্ধব হাসাহাসি করে। একদিন ঠিকই সেই চিঠির উত্তর আসে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। এরপর হরিদাস বসাককে সবাই সমীহ করতে শুরু করে। অন্যদিকে হরিদাস বসাকও সাহিত্য-সংস্কৃতির কাজে নিজেকে সঁপে দেন। সময়ের প্রবাহে আসে ১৯৪৭ সাল। অনেকে দেশ ছেড়ে ভারতে চলে যায়। কিন্তু যে ঠিকানায় রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন, সে ঠিকানা বদল করতে চান না হরিদাস বসাক।
এরপর আসে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। যুদ্ধের ভয়াবহতায় হরিদাস বসাকের স্বপ্নভঙ্গ হয়। পুড়িয়ে ফেলা বাড়িঘরের সামনে দাঁড়িয়ে হরিদাস বসাক সেদিন তাঁর আত্মজনের খোঁজ নেন না, শুধু শিশুর মতো হাহাকার করেন চিঠিটির জন্য। এ অবস্থায় পাকিস্তানি আর্মি এসে দাঁড়ায় হরিদাস বসাকের সামনে। ঘটতে থাকে নানা ঘটনা।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন স্মরণ সাহা, অনিকেত পাল, শাহানা জাহান সিদ্দিকা, শাহানাজ শারমিন খান শিমু, জুলিয়েট সুপ্রিয়া প্রমুখ। কোরিওগ্রাফি করেছেন অনিকেত পাল বাবু, সংগীতে রামিজ রাজু, আলোক নিয়ন্ত্রণে ঠান্ডু রায়হান, পোশাক ডিজাইন করেছেন এনাম তারা সাকী।