হোম > বিনোদন > সিনেমা

লড়াই হবে পাঁচ সিনেমার

বিনোদন ডেস্ক

ঈদ মানেই সিনেমা মুক্তির হিড়িক। হল সংকটের এই সময়েও নির্মাতাদের দৌড়ঝাঁপ থাকে চোখে পড়ার মতো। এই রোজার ঈদে মুক্তি নিশ্চিত করেছে ৫টি সিনেমা—‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’, ‘দম’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’ এবং ‘প্রেশার কুকার’। এ ছাড়া দোলাচলে আছে ‘পিনিক’। আজ সন্ধ্যায় প্রযোজক জানাবেন পিনিক ঈদে মুক্তি দেওয়া হবে কি না।

প্রাপ্তবয়স্কদের সিনেমা

এবার ঈদের বেশির ভাগ সিনেমা হলে বসে পরিবার নিয়ে দেখার সুযোগ নেই। কারণ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ’ গ্রেডে অর্থাৎ শুধু প্রাপ্তবয়স্কদের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে মুক্তি চূড়ান্ত হওয়া তিন সিনেমা। সিনেমাগুলো হলো ‘প্রিন্স’, ‘প্রেশার কুকার’ ও ‘রাক্ষস’। তবে ‘বনলতা এক্সপ্রেস’ এবং ‘দম’ সিনেমা দুটি ‘ইউ’ অর্থাৎ সব বয়সী দর্শকের জন্য ছাড়পত্র দিয়েছে সার্টিফিকেশন বোর্ড।

লড়াই হবে পাঁচ সিনেমার

এবারও নতুন সিনেমা নিয়ে হাজির ঈদের পরীক্ষিত নায়ক শাকিব খান। এবারও সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করবে তাঁর সিনেমা প্রিন্স। সিঙ্গেল স্ক্রিনে প্রিন্স এগিয়ে থাকলেও সিনেপ্লেক্সে এবার মুক্তি পাওয়া পাঁচ সিনেমাই প্রতিদ্বন্দ্বিতা করবে। ধারণা করা হচ্ছে, প্রথম সপ্তাহের লড়াইটা হতে পারে শাকিবের প্রিন্স, আফরান নিশোর দম এবং মোশাররফ-চঞ্চল-সাবিলাদের বনলতা এক্সপ্রেসের মাঝে। তবে, চমক দেখাতে পারে চার নায়িকা নিয়ে রায়হান রাফীর প্রেশার কুকার। এ ছাড়া দ্বিতীয় সপ্তাহ থেকে সিঙ্গেল স্ক্রিনে প্রিন্সকে চ্যালেঞ্জ জানাতে পারে সিয়ামের রাক্ষস।

জোর নেই প্রচারে

এত দিন ঈদ ছাড়া অন্য সময়ে মুক্তি পাওয়া সিনেমার প্রচার নিয়ে প্রশ্ন উঠত। এবার সেই প্রশ্নের মুখে পড়েছে ঈদের সিনেমা। গত রোজার ঈদে ‘চক্কর’ সিনেমার প্রচারের শরাফ আহমেদ জীবনের সঙ্গে অভিনেতা মোশাররফ করিমের উপস্থিতি, ‘দাগি’ সিনেমার সংবাদ সম্মেলনে কয়েদির বেশে আফরান নিশোর উপস্থিতি, কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে ‘জংলি’র প্রচারে দেখা গেছে সিয়ামকে। অথচ, এবার নির্মাতা থেকে অভিনয়শিল্পী সবাই যেন গা বাঁচিয়ে আছেন। অনেকটা দায়সারাভাবে সারছেন প্রচার। সোশ্যাল মিডিয়ায় পোস্টার ও টিজার ছাড়া তেমন কোনো প্রচার চোখে পড়েনি। পোস্টার ও বিলবোর্ড একেবারেই অপ্রতুল। এমনকি এখনো সব সিনেমা নিয়ে সংবাদ সম্মেলনও করা হয়নি।

সাড়া মেলেনি গানে

ঈদের সিনেমার গান নিয়ে দর্শকের মধ্যে আলাদা আগ্রহ থাকে। প্রতি ঈদেই দেখা যায় আলোচনার কেন্দ্রে থাকে সিনেমার গান। প্রেক্ষাগৃহে দর্শক টানতেও ভূমিকা রাখে সিনেমার গান। এবারের দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। পোস্টার, টিজার প্রকাশ পেলেও নেই গানের দেখা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঈদের সিনেমার মাত্র দুটি গান প্রকাশ পেয়েছে। একটি বনলতা এক্সপ্রেস সিনেমায় অর্থহীন ব্যান্ডের ‘চাইতেই পারো তুমি’, অন্যটি ইমরান ও কোনালের গাওয়া রাক্ষস সিনেমার ‘শুদ্ধতার প্রেম’। তবে গান দুটি আশানুরূপ সাড়া ফেলেনি।

ফাঁকা আওয়াজ বেশি

রোজার প্রথম সপ্তাহেও শোনা যাচ্ছিল ১৬ সিনেমার মুক্তির কথা। তালিকায় ছিল রায়হান খানের ‘ট্রাইব্যুনাল’, মাসুদ হাসান উজ্জ্বলের ‘বনলতা সেন’, তন্ময় সূর্যের ‘হাঙর’, রাশিদ পলাশের ‘রঙবাজার’, ইফফাত জাহান মমর ‘কাট পিস’, বদিউল আলম খোকনের ‘তছনছ’, সাইফ চন্দনের ‘মালিক’সহ আরও সিনেমা। তবে ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্মাতারা চুপসে যান। প্রেক্ষাগৃহের সংকটের বাস্তবতায় হল না পাওয়ার শঙ্কায় নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। অনেকের ধারণা, নিজের সিনেমার আগাম প্রচারের আশায় ঈদে মুক্তির কথা জানিয়েছিরেন অনেক নির্মাতা।

প্রেশার কুকার

পরিচালনা: রায়হান রাফী

অভিনয়: শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধ চৌধুরী, ফজলুর রহমান বাবু প্রমুখ

প্রযোজক: রায়হান রাফী ও ফরিদুর রেজা সাগর

সার্টিফিকেশন গ্রেড: এ (প্রাপ্ত বয়স্কদের জন্য)

গল্পসংক্ষেপ: ঢাকা শহরের ভিন্ন পেশার চারজন নারীর অদৃশ্য লড়াই; তাদের না বলা কষ্ট এবং সামাজিক দ্বন্দ্বের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছে। শহরটি যেন তাদের কাছে একধরনের প্রেশার কুকার, যেখানে তারা প্রতিনিয়ত নানামুখী চাপের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করে।

রাক্ষস

পরিচালনা: মেহেদী হাসান হৃদয়

অভিনয়: সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায়, বাপ্পারাজ, আলীরাজ, নাজনীন হাসান চুমকী প্রমুখ

প্রযোজনা: রিয়েল এনার্জি প্রোডাকশন

সার্টিফিকেশন গ্রেড: এ (প্রাপ্ত বয়স্কদের জন্য)

গল্পসংক্ষেপ: পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে এতে রয়েছে ফ্যামিলি ড্রামা। গল্পের কেন্দ্রে রয়েছে সিয়াম অভিনীত চরিত্র, যে একই সঙ্গে মানবিক, ভয়াবহ এবং সহিংস। আধুনিক ও উচ্চবিত্ত পরিবারের মেয়ে সুস্মিতার প্রেমে পড়ে সে। তবে একটি বিশেষ ঘটনার প্রেক্ষাপটে আরও ধ্বংসাত্মক হয়ে ওঠে নায়ক।

দম

পরিচালনা: রেদওয়ান রনি

অভিনয়: আফরান নিশো, চঞ্চল চৌধুরী, পূজা চেরি, ডলি জহুর প্রমুখ

প্রযোজনা: এসভিএফ-আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড

সার্টিফিকেশন গ্রেড: ইউ (সব বয়সীদের জন্য)

গল্পসংক্ষেপ: সত্য ঘটনা অবলম্বনে তৈরি। উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে যায় নিশো অভিনীত চরিত্রটি। সেখানে অপহরণের শিকার হয় সে। অবর্ণনীয় কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। শেষ মুহূর্তে আশার আলো হয়ে আসে চঞ্চল অভিনীত চরিত্রটি। সেও বন্দী ছিল সন্ত্রাসীদের কাছে। দুজন মিলে মুক্তির উপায় খোঁজে।

প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা

পরিচালনা: আবু হায়াত মাহমুদ

অভিনয়: শাকিব খান, দিব্যেন্দু ভট্টাচার্য, তাসনিয়া ফারিণ, লোকনাথ দে, ইন্তেখাব দিনার প্রমুখ।

প্রযোজক: শিরিন সুলতানা

সার্টিফিকেশন গ্রেড: এ (প্রাপ্ত বয়স্কদের জন্য)

গল্পসংক্ষেপ: নব্বইয়ের দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে তৈরি এ সিনেমায় শাকিব অভিনয় করেছেন কুখ্যাত গ্যাংস্টার ইব্রাহিমের ভূমিকায়। ইব্রাহিমকে অন্ধকার দুনিয়ায় নিয়ে আসে লোকনাথ দে অভিনীত চরিত্রটি। তার মৃত্যুর পর তার স্ত্রী লেডি ডন হিসেবে আবির্ভূত হয়। আর ইব্রাহিম হয় তার প্রধান সেনাপতি। ধীরে ধীরে ইব্রাহিম পৌঁছে যায় ক্ষমতার শীর্ষবিন্দুতে।

বনলতা এক্সপ্রেস

পরিচালনা: তানিম নূর

অভিনয়: মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সাবিলা নূর, শরিফুল রাজ, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন প্রমুখ।

প্রযোজনা: বুড়িগঙ্গা টকিজ ও হইচই স্টুডিওস

সার্টিফিকেশন গ্রেড: ইউ (সব বয়সীদের জন্য)

গল্পসংক্ষেপ: বনলতা এক্সপ্রেস নামের একটি ট্রেনের একদল যাত্রীকে ঘিরে গল্প। মানসিকভাবে অসুস্থ মাকে নিয়ে ভ্রমণরত ডাক্তার আশহাব, অজানার খোঁজে বেরিয়ে পড়া চিত্রা, খামখেয়ালি পর্যটক রশীদ উদ্দিন কিংবা দাপুটে শিক্ষামন্ত্রী আবুল খায়ের খান—সবাই এই ট্রেনের যাত্রী। সবার গন্তব্য এক হলেও এই ট্রেনযাত্রা তাদের প্রত্যেকের জীবনের মোড় ঘুরিয়ে দেয়।

ঈদে ‘পিনিক’ মুক্তি না দেওয়ার ঘোষণা প্রযোজকের

নকলের অভিযোগে যা বললেন দম সিনেমার নির্মাতা

সিনেমা ছাপিয়ে প্রতিবাদে মুখর অস্কার আসর

সিনেমা ও সিরিজ নিয়ে প্রস্তুত ওটিটি

ঈদে নাগরিকের পর্দায় ২৮ সিনেমা

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে উন্মাদনা ছড়ালেন নিশো-পূজা

ট্রেলার শেয়ার করে সিয়াম লিখলেন, ‘রাক্ষস মাঝরাতেই আসে’

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে ‘প্রিন্স’, প্রকাশ পেল টিজার

ঈদে নারায়ণগঞ্জে যাত্রা শুরু করছে স্টার সিনেপ্লেক্স

প্রকাশ পেল ‘রাক্ষস’ সিনেমার প্রথম পোস্টার