হোম > বিনোদন > সিনেমা

মার্কেট বন্ধ হলেও মাল্টিপ্লেক্স চালু রাখার দাবি জানালেন ঈদের সিনেমার নির্মাতারা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

জ্বালানি সাশ্রয়ের জন্য সন্ধ্যা ৭টার পর দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রভাব পড়েছে দেশের সিনেমা হলগুলোতেও। রোববার থেকে মাল্টিপ্লেক্সগুলো সন্ধ্যার পর সব সিনেমার শো বন্ধ রেখেছে। তবে এখনো রোজার ঈদে মুক্তি পাওয়া পাঁচ সিনেমা (‘প্রিন্স’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’) ঘিরে মাল্টিপ্লেক্সে দর্শকের উল্লেখযোগ্য ভিড় আছে। এমন অবস্থায় মাল্টিপ্লেক্সে সান্ধ্যকালীন শো চালু রাখার দাবি জানিয়েছেন এসব সিনেমার পরিচালক ও প্রযোজকেরা।

এক যৌথ বিবৃতিতে তাঁরা সরকারের সিদ্ধান্তের প্রতি সম্মান জানালেও সিনেমা হল বন্ধ রাখার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিবৃতিতে সাক্ষর করেছেন দম সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল, বনলতা এক্সপ্রেসের নির্মাতা তানিম নূর, দমের পরিচালক রেদওয়ান রনি, বনলতা এক্সপ্রেসের প্রযোজক সাকিব আর খান, প্রেশার কুকার সিনেমার পরিচালক রায়হান রাফী, রাক্ষস সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি এবং প্রিন্স সিনেমার প্রযোজক শিরিন সুলতানা।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৭টার পর মার্কেট বন্ধ রাখার যে নির্দেশনা প্রদান করা হয়েছে, সংকট মোকাবিলায় সরকার কর্তৃক গৃহীত এ পদক্ষেপের প্রতি আমরা সর্বাত্মক শ্রদ্ধাশীল। তবে এ সিদ্ধান্তের কারণে মার্কেটের অভ্যন্তরে থাকা সিনেমা হলগুলোও বন্ধ করে দেওয়া হচ্ছে। যার ফলে বর্তমানে মুক্তিপ্রাপ্ত ঈদের সিনেমাগুলো এবং সামগ্রিক চলচ্চিত্রশিল্প অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবে।

এসব পরিচালক ও প্রযোজক মনে করেন, ঈদের সিনেমার মূল দর্শক সমাগম ঘটে সন্ধ্যা ও রাতের শোগুলোতে, যা ‘প্রাইম টাইম’ হিসেবে বিবেচিত। দিনের কর্মব্যস্ততা শেষে অধিকাংশ দর্শক এই সময়েই পরিবারসহ প্রেক্ষাগৃহে আসেন। ফলে সন্ধ্যা ৭টার মধ্যে শো বন্ধ হয়ে গেলে বিপুলসংখ্যক দর্শক সিনেমা দেখা থেকে বঞ্চিত হবেন।

চলচ্চিত্রশিল্পের অর্থনৈতিক ঝুঁকির কথা জানিয়ে বিবৃতিতে বলা হয়, একটি সিনেমা নির্মাণের পেছনে প্রযোজকের কোটি কোটি টাকার বিনিয়োগ থাকে। উৎসবের এই কয়েক দিনেই সেই বিনিয়োগ তুলে আনার প্রধান সময়। পিক-আওয়ারে হল বন্ধ থাকলে লগ্নিকৃত অর্থ ফেরত পাওয়া অসম্ভব হয়ে পড়বে, যা দীর্ঘমেয়াদে দেশীয় চলচ্চিত্রের জন্য খুবই খারাপ হবে।

অতীতের দৃষ্টান্ত তুলে ধরে বিবৃতিতে উল্লেখ করা হয়, আগে মার্কেট নির্দিষ্ট সময়ে বন্ধ হলেও সিনেমা হলগুলোকে সেই নিয়মের বাইরে রাখা হতো। রাত ১০টা বা শো শেষ না হওয়া পর্যন্ত প্রদর্শনী চালানোর অনুমতি থাকত, এবং এতে নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান পরিস্থিতিতেও একই ব্যবস্থা বজায় রাখার দাবি জানান তাঁরা। দর্শকদের ঈদের আনন্দ পূর্ণতা দিতে এবং প্রযোজকদের বিনিয়োগ ফিরে পেতে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ও সহমর্মিতামূলক পদক্ষেপ কামনা করেন নির্মাতারা।

পয়লা বৈশাখ উপলক্ষে সমীরের নতুন গান

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

রাহুলের মৃত্যুতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে টালিউড

যুক্তরাষ্ট্র থেকে প্রথম নির্মাণের খবর দিলেন সাইমন সাদিক

আজীবন সম্মাননা পাচ্ছেন কনকচাঁপা, বিশেষ সম্মাননা কাঙালিনী সুফিয়া

আবার ‘কুইন’ নিয়ে ফিরছেন কঙ্গনা

সন্ধ্যার পর মাল্টিপ্লেক্সে বন্ধ থাকবে প্রদর্শনী

কে-পপ মিউজিক ভিডিওতে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিটের মেয়ে শিলো

অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে জায়গা পেল বাংলাদেশের ‘দেলুপি’

আমার পা এত কাঁপছিল যে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না: বিদুষী বর্ণিতা