রাজনীতির ময়দানে পা রাখার পর থেকে অভিনেত্রী হিসেবে কঙ্গনা রনৌত অনেকটা পিছিয়ে পড়েছেন। ২০২৪ সালের জুনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর রাজনীতি নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। কঙ্গনা রাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে কমেছে তাঁর সিনেমার সংখ্যা। এমনকি তাঁর সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহও কমেছে।
রাজনীতিতে নামার পর এখন পর্যন্ত একটি সিনেমা মুক্তি পেয়েছে কঙ্গনার। সেটি তাঁরই পরিচালিত। ‘ইমার্জেন্সি’ নামের সিনেমাটি এসেছিল গত বছরের জানুয়ারিতে। তবে বক্স অফিসে ভরাডুবি হয়েছে। অভিনয় ক্যারিয়ারের এই পড়তি সময়ে কঙ্গনা এবার পিছু ফিরে তাকালেন। ২০১৪ সালে মুক্তি পাওয়া তাঁর সাড়া জাগানো সিনেমা ‘কুইন’-এর সিকুয়েল নিয়ে আসছেন তিনি।
কুইন সিনেমায় দেখা গিয়েছিল দিল্লির মেয়ে রানীর প্যারিস ও আমস্টারডামে একাকী ভ্রমণের গল্প, যা তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছিল। তবে কুইনের সিকুয়েলের গল্প ভারতেই সীমাবদ্ধ থাকছে। এবারের গল্পে রানীকে দেখা যাবে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণে বের হতে, যেখানে সে নিজের দেশের বৈচিত্র্যের মাঝে নিজেকে নতুনভাবে আবিষ্কার করবে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, প্রাথমিকভাবে সিকুয়েলটির নাম ভাবা হয়েছে ‘কুইন ফরএভার’। চিত্রনাট্য নিয়ে দীর্ঘ সময় কাজ করার পর অবশেষে শুটিং শুরুর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। এ মাসের শেষ সপ্তাহ থেকে ভারতের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে। রানীর এই নতুন যাত্রায় উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারতের মনোরম কিছু স্থানকে ব্যাকড্রপ হিসেবে ব্যবহার করা হবে। পরিচালনায় থাকছেন বিকাশ বাহল। আগের সিনেমাটির পরিচালকও তিনিই ছিলেন।
কুইনের প্রথম পর্বটি যেভাবে নারী স্বাধীনতা ও স্বনির্ভরতার প্রতীক হয়ে উঠেছিল, সিকুয়েলেও সেই ধারা বজায় থাকবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে কুইন ফরএভারের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন কঙ্গনা। এ বছরের শেষ ভাগে অথবা ২০২৭ সালের শুরুর দিকে মুক্তি পেতে পারে সিনেমাটি। এতে রাজকুমার রাও কিংবা কুইনের অন্য শিল্পীদের দেখা যাবে কি না, তা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।