হোম > অর্থনীতি > করপোরেট

ইভ্যালি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা, আসছে যমুনার ই-কমার্স প্ল্যাটফর্ম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে বিনিয়োগ না করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যমুনা গ্রুপ। গতকাল সোমবার রাতে হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন যমুনা গ্রুপের মার্কেটিং, সেলস অ্যান্ড অপারেশনস শাখার পরিচালক ড. মোহাম্মদ আলমগীর আলম। পাশাপাশি তিনি ফেসবুকে একটি গণবিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুচিন্তিত পরিকল্পনায় সুদূরপ্রসারী ব্যবসায়িক সমৃদ্ধির নিশ্চয়তা ছাড়া এবং কোনো চূড়ান্ত বিনিয়োগের আগে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা ও পুনঃ পর্যালোচনা ছাড়া কোনো ব্যবসায়িক খাতে শত শত কোটি টাকা বিনিয়োগ করার অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত গ্রহণ করে যমুনা গ্রুপ দীর্ঘ সময়ের কষ্টার্জিত অর্থ, সুনাম, মেধা ও সক্ষমতাকে ঝুঁকিতে ফেলতে রাজি নয়। অন্য কোনো কোম্পানিতে যমুনা গ্রুপের অর্থ বিনিয়োগ করার সিদ্ধান্ত, এখতিয়ার ও অধিকার শুধুমাত্র যমুনা গ্রুপের একান্ত বিষয়। এটি কারও অনুরোধে ঢেঁকি গেলার বিষয় নয়।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘অন্য কোনো কোম্পানির অভ্যন্তরীণ বিষয়ে যমুনা গ্রুপ কোনো দায় অতীতেও নেয়নি, ভবিষ্যতেও নেবে না। সর্বসাধারণের অবগতির জন্য অবহিত করা হলো।’ 

যমুনা গ্রুপের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানিয়েছেন, ইভ্যালিতে বিনিয়োগ না করে যমুনা গ্রুপ নিজস্ব ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে। এ কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি। 

এর আগে গত ২৭ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যমুনা গ্রুপ ইভ্যালিতে এক হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে। এই বিজ্ঞপ্তির এক মাস পর ২৬ আগস্ট যমুনা জানায়, ইভ্যালিতে বিনিয়োগ করা হবে কি না, সেটা নিরীক্ষা কার্যক্রমের পর সিদ্ধান্ত নেওয়া হবে। পরে গতকাল সোমবার ইভ্যালিতে বিনিয়োগ না করার আনুষ্ঠানিক ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। 

অন্যদিকে ইভ্যালির তিনজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মালিকানার অংশ নিয়ে বনিবনা না হওয়ার কারণেই বিনিয়োগের সিদ্ধান্ত থেকে সরে গেছে যমুনা গ্রুপ। ইভ্যালি এখন বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ নিয়ে দর-কষাকষি করছে বলেও নিশ্চিত করেছেন তাঁরা। 

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত

সহজ কিস্তিতে নভোএয়ারের টিকিট, ১,৫৬৭ টাকা থেকে শুরু

জেদ্দা-রিয়াদ ও মাসকাটে নির্ধারিত সূচিতেই ইউএস-বাংলার ফ্লাইট পরিচালিত হবে আজ থেকে

নারী উদ্যোক্তাদের পণ্য নিয়ে ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

সোনালী ব্যাংক ও পপুলার ডায়াগনস্টিকের মধ্যে করপোরেট স্বাস্থ্যসেবা চুক্তি

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০৫তম সভা অনুষ্ঠিত

আয়কর রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

দেশের রিটেইল চেইন ‘স্বপ্ন’র অংশীদার হচ্ছে জাপানের শীর্ষ প্রতিষ্ঠান মিতসুই