হোম > সারা দেশ > নেত্রকোণা

বিয়েবাড়ির স্পিডবোটটি ডুবিয়ে দেয় অন্য নৌকার লোকজন, অভিযোগ বেঁচে ফেরাদের, শিশুর লাশ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

স্পিডবোটডুবিতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছেন ডুবুরিরা। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে বিয়েবাড়ির স্পিডবোটডুবির ঘটনায় ঊষামণি (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে প্রায় ৫০০ মিটার দূরে লাশটি ভেসে উঠলে ডুবুরি দল তা উদ্ধার করে। বাকি তিনজনের সন্ধান এখনো মেলেনি। এদিকে স্পিডবোটডুবিতে বেঁচে ফেরা লোকজন অভিযোগ করেছেন, ধাক্কা লাগায় অন্য নৌকার লোকজন চালকের সঙ্গে ঝগড়া করে তাঁদের স্পিডবোটটি ডুবিয়ে দেয়।

মৃত ঊষামণি খালিয়াজুরির আন্ধাইর গ্রামের মোফায়েল মিয়ার মেয়ে। এখনো নিখোঁজ রয়েছেন একই গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা. লাইলা আক্তার (৭), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) ও নবাব মিয়ার মেয়ে মোছা শিরিন (১৮)।

গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে স্পিডবোটডুবির ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা এবং উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ে উপলক্ষে কিশোরগঞ্জের ইটনা উপজেলা থেকে একটি স্পিডবোট ভাড়া করে আনা হয়। স্পিডবোটে চড়ে বরসহ বরযাত্রীদের ইটনা উপজেলার মৃগা গ্রামে কনের বাড়িতে যাওয়ার কথা ছিল। বরযাত্রী রওনা হওয়ার আগমুহূর্তে বিয়েবাড়ির ১৫ জন স্পিডবোটটি নিয়ে কিছুক্ষণের জন্য হাওরে ঘুরতে যান। এ সময় ধনু নদে বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডকে পাশ কাটিয়ে যাওয়ার সময় কাছে থাকা জেলেদের নৌকার সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ ঘটে। তখন নৌকার জেলেরা দ্রুত স্পিডবোটে উঠে এসে চালকের সঙ্গে ঝগড়া বাধায়। হুড়োহুড়ির একপর্যায়ে স্পিডবোটটি উল্টে যায়। এতে ওই চারজন নিখোঁজ এবং তিনজন আহত হন। বাকিরা সাঁতার কেটে রক্ষা পান।

ওই স্পিডবোটডুবিতে বেঁচে ফেরা আন্ধাইর গ্রামের ইয়াসমিন ও ময়না আক্তার বলেন, ‘আমাদের স্পিডবোটটি একটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। তখন ওই নৌকায় থাকা লোকজন তর্কাতর্কির পর স্পিডবোটে উঠে চালককে মারধর করে। একপর্যায়ে স্পিডবোটটি ডুবিয়ে দেয়। তখন সবাই সাঁতরে তীরে উঠলেও চারজন নদে ডুবে নিখোঁজ হয়।’ তাঁরা ওই নৌকার লোকদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

খালিয়াজুরির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, ‘ঘটনার পরপর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালান। আজ শনিবার সকাল থেকে ময়মনসিংহের ডুবুরি দল এসে উদ্ধারকাজ চালাচ্ছে। ঊষামণির লাশ ভেসে উঠলে তা উদ্ধার করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়।’ তিনি আরও বলেন, ‘স্পিডবোট ডুবিয়ে দেওয়ার যে অভিযোগ করেছেন বেঁচে ফেরা লোকজন, সে বিষয়ে তদন্ত হবে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

নেত্রকোনা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, নদের পানির গভীরতা ও স্রোত বেশি হওয়ায় উদ্ধারকাজ বেশ জটিল হচ্ছে। তবে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

আইনি লড়াইয়ে স্বপদে সেই চেয়ারম্যান, ইউএনও প্রত্যাহার

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অভিযানে হামলা, ডিবি পুলিশের ৬ সদস্য আহত

ফাঁকা বাড়িতে চোর: নিয়ে গেছে টাকা-স্বর্ণালংকার-ফ্রিজ, বাদ যায়নি থালা-বাসনও

নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১৫

এক ভোটের জন্য রেকর্ড করতে পারলেন না বাবর

নেত্রকোনা-২: লক্ষাধিক ভোটের ব্যবধানে ডা. আনোয়ারুল হক বিজয়ী

জীবনে কোনো দিন আবার ভোট দিতে পারব কল্পনাও করতে পারিনি: লুৎফুজ্জামান বাবর

ভোটারদের হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে বিএনপি নেতা আটক

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, যুবদল নেতাসহ আহত ৭