হোম > সারা দেশ > নেত্রকোণা

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—বক্তব্যের অভিযোগে ওসি প্রত্যাহার

নেত্রকোনা প্রতিনিধি

কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাসেম। ছবি: সংগৃহীত

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’—এমন বক্তব্য দেওয়ার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে প্রত্যাহার করা হয়। একই সঙ্গে ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ।

এর আগে গতকাল শনিবার ওসি আবুল হাসেমের বক্তব্যের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ওসি আবুল হাসেম অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, এটি তাঁর বক্তব্য নয়। কীভাবে এই বক্তব্য এসেছে, তিনি তা জানেন না।

এ ব্যাপারে নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম বলেন, অডিওটি নজরে আসার সঙ্গে সঙ্গে ওসি আবুল হাসেমকে প্রত্যাহার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিও রেকর্ডে থানার পুলিশ সদস্যদের উদ্দেশে ওসি আবুল হাসেমকে বলতে শোনা যায়, ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাব না। সবাই মিলেমিশে থাকব। ধরেন, দুই হাজার টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না, বেতনের টাকাও না। আপনারা একটা অভিযোগ দিলেন—এক হাজার টাকা, আরেকটা খারিজ কইরা ফেললেন—এক হাজার টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়া দিলাম। তাইলে আমার তো রিস্ক নাই, নো টেনশন, খুব রিলাক্সে আছি।’

অডিও রেকর্ডে ওসিকে আরও বলতে শোনা যায়, ‘সবাই কিন্তু এই বিজনেসের সঙ্গে জড়িত না। আমরা কিন্তু একজন আরেকজনরে সেইফে রাখছি। সবাই সমন্বয় করে চলতে হবে। ওসির মাথায় কিন্তু কাঁঠাল ভেঙে খাইতে পারবেন না। সর্বোপরি আমি আপনাদের ঠকাব না। আমি কি বাড়ি থেকে টাকা এনে খরচ করতাছি, না জমি বেইচ্যা আইন্যা আপনাদের চালাইতেছি? সবাই যেন ভালো থাকতে পারি। যার যেই অধিকার, সে যেন সেটা পায়। আমার যারা কনস্টেবল আছে, তারা যেন যেটা পাওয়ার সেটা পায়, তারা যেন বঞ্চিত না হয়। হক মারা আমি পছন্দ করি না। কারণ, যারা হক মারে, রাসুল (সা.) তাঁরে শাফায়েত করবে না। এটাই কিন্তু ফাইনাল কথা। কেউ চালাকি করবেন না। বর্তমানে মিডিয়া অনেক এগিয়ে আছে।’

ওসিকে আরও বলতে শোনা যায়, ‘বর্তমানে গুপ্ত গুপ্ত একটা শব্দ আছে, এই শব্দটা আবিষ্কার করছে তারেক জিয়া (প্রধানমন্ত্রী)। আপনারা যে গুপ্ত গুপ্ত থাকার চেষ্টা করেন, এইটা কিন্তু আমরা বুঝতেছি। এই যে সেই দিন মামলাটা হইলো না, এখান থেকে টাকাপয়সা নিয়েছেন। অনেকে আমার কাছে আসছিল টাকাপয়সা নেওয়ার বিষয়ে জানতে। আমি কিন্তু কিছুই জানি না। তারপরও তাদের নানা কিছু বুঝাইয়া দৌড়াইয়া দিছি। আমরা যারা সিস্টেমের মধ্যে আছি, তারা যেন মিলে-ঝুলে চলি। বেশি চালাকির দরকার নাই। যেকোনো কাজে আমরা নিজেদের কাউরে বিপদেও ফেলব না, কাউরে ঠকাবও না। আরেকটা বিষয় আছে—কিছু কিছু ঘটনায় জায়গাতেই চার্জশিট, জায়গাতেই ফাইনাল, ওসি কিছুই জানল না; আরে ভাই, আপনি তো নিজেই থানা একটা খুইল্যা ফেললেন। থানায় তো একজন ওসি আছে, তার সাথে সমন্বয় করবেন। নাইলে নয়টা কইরা ফেললেন, দশটার সময় ধরা খাবেন। তখন বুইঝেন খবর আছে।’

ওসির বক্তব্যের অডিও রেকর্ডের বিষয়ে নেত্রকোনার এসপি মো. তরিকুল ইসলাম বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ৫ মে চোরাই পথে আনা ভারতীয় প্রসাধনী ছাড়াতে ঘুষের দর-কষাকষির কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে কলমাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। পরদিন থানার ওসি মো. সিদ্দিক হোসেনকে বদলি করা হয়।

নেত্রকোনায় জাবি শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম বিয়ে গোপন রেখে দ্বিতীয় বিয়ের চেষ্টা ছাত্রদল নেতার, গুনলেন জরিমানা

নেত্রকোনায় শিশু ধর্ষণ মামলার আসামি গাজীপুরে গ্রেপ্তার

জাবি শিক্ষার্থীকে অপহরণ করে নির্যাতন, ভিডিও ভাইরাল

কলমাকান্দায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত, আহত ৩

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ভাই-বোন

নেত্রকোনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, আ.লীগের ২৫ জনের নাম উল্লেখ করে মামলা

নেত্রকোনায় গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ভিডিও ভাইরাল

কর্মকর্তা নেত্রকোনার, বসবাস করেন ঢাকায়

সোমেশ্বরী নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু