হোম > সারা দেশ > নরসিংদী

নরসিংদীতে মধ্যরাতে গ্যারেজে আগুনে ঘুমন্ত কর্মচারীর মৃত্যু, সন্দেহ হত্যাকাণ্ড

আজকের পত্রিকা ডেস্ক­

গ্যারেজের কর্মচারী চঞ্চল ভৌমিক। ছবি: সংগৃহীত

নরসিংদীর সদর উপজেলায় একটি গ্যারেজের ভেতর অগ্নিদগ্ধ হয়ে চঞ্চল ভৌমিক (২৫) নামে এক কর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের দগরিয়া এলাকার গ্যারেজ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ‘পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা’ হিসেবে ছড়িয়ে পড়লেও পুলিশ এটি হত্যাকাণ্ড নাকি দুর্ঘটনা, তা নিয়ে এখনো নিশ্চিত হতে পারেনি।

নিহত চঞ্চল ভৌমিক কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন ভৌমিকের ছেলে। তিনি ওই গ্যারেজের কর্মচারী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত শুক্রবার রাতেও ওই গ্যারেজের ভেতর ঘুমিয়েছিলেন চঞ্চল। গভীর রাতে গ্যারেজে আগুন লাগলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভানোর পর চঞ্চলের অগ্নিদগ্ধ নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। পরদিন সকালে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর চঞ্চলের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে গতকাল সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারকারী নরসিংদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসহাক মিয়া গণমাধ্যমকে জানান, প্রাথমিক অবস্থায় শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হলেও সিসিটিভি ফুটেজে ভিন্ন কিছু দেখা গেছে। ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি আশপাশ থেকে মবিলমাখা কাগজ ও কাপড় কুড়িয়ে গ্যারেজের সামনে আগুন ধরাচ্ছেন। তবে ফুটেজে ওই ব্যক্তির আচার-আচরণ দেখে তাকে মানসিক প্রতিবন্ধী মনে হচ্ছে। এই আগুন থেকেই গ্যারেজের মূল অগ্নিকাণ্ডের সূত্রপাত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘সিসিটিভি ফুটেজে যাকে দেখা গেছে, তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে তাঁর সরাসরি সম্পৃক্ততা আছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গ্যারেজ মালিকের কাছ থেকে একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রায়পুরায় সজল হত্যা: মামলা নয়, সালিসে ২০ লাখ টাকা জরিমানার অভিযোগ

জমির বিরোধে তিন বছর গৃহবন্দী প্রতিবন্ধী কামরুন নাহার

আদ্‌-দ্বীন হাসপাতাল আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে: স্বাস্থ্যমন্ত্রী

‎রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে প্রথম গোবিন্দপুর উচ্চবিদ্যালয়

নরসিংদীর শিবপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

রায়পুরায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

নরসিংদীর বেলাবতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত

নতুন রূপে ফিরল ‘বাংলার ঈগল’, রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ভাস্কর্য উদ্বোধন

‘সবাই ভিডিও করছিল কেউ এগিয়ে আসেনি’

১০ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টা দাদার, প্রতিবাদ করায় বাবার বিরুদ্ধে মামলা