হোম > সারা দেশ > ময়মনসিংহ

নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি ছুড়ল পুলিশ, ১৪৪ ধারা জারি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

লোকজনশূন্য খারুয়া বাজারে কয়েকটি পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দোকানপাট ভাঙচুর-লুটপাট হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১১টার দিকে উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আট রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়েছে। নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত দুপুর ১২টার দিকে এলাকাটিতে ১৪৪ ধারা জারি করেন।

জানা গেছে, দুই শতাংশ একটি জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে খারুয়া গ্রামের আব্দুর রউফ ও নরেন্দ্রপুর গ্রামের মো. শওকত আলীর লোকজনের মধ্যে এই সংঘর্ষ বাধে। জমিটি নিয়ে আদালতে মামলাও চলমান রয়েছে। গতকাল বুধবার সকালে শওকত আলী বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণ করতে যান। পরে আব্দুর রউফ নির্মাণ করা ঘর ভেঙে দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে আব্দুর রউফ থানায় অভিযোগ দেন। গতকাল রাত থেকেই পুলিশ খারুয়া বাজারে মোতায়েন ছিল। আজ সকালে আব্দুর রউফের পক্ষে স্থানীয় আবুল কাশেম বিডিআর ও জহিরুল ইসলাম রতনের নেতৃত্বে লোকজন শওকত আলীর ভাই লিয়াকত আলীর দোকানে হামলা করে ভাঙচুর করেন। খবর পেয়ে শওকত আলী, লিয়াকত আলী, রাজু আহমেদ ওয়াজেদসহ তাঁদের পক্ষের লোকজন নিয়ে খারুয়া বাজারে এসে জড়ো হন। এ সময় দুপক্ষই মুখোমুখি অবস্থান নেয়। একপর্যায়ে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে সংঘর্ষে জড়ায়। এ ছাড়া আব্দুর রউফের মুদিদোকানে ভাঙচুর ও মালামাল লুট করা হয়। নান্দাইল মডেল থানা-পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) ও র‍্যাব-১০ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আব্দুর রউফের ছেলে মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের নিজস্ব জায়গায় ঘর নির্মাণ করতে চেয়েছিল শওকত আলী। তারা আমাদের দোকানপাটে ভাঙচুর করে প্রায় ১৫ লাখ টাকার মালামার লুট করে নিয়ে গেছে।’

জানতে চাইলে শওকত আলী বলেন, ‘জায়গাটি আমার ক্রয় করা সম্পত্তি। আমার বৈধ জায়গায় আমি ঘর নির্মাণ করেছিলাম। আব্দুর রউফ পেশিশক্তি দিয়ে ঘর ভেঙে দিছে। তা ছাড়া কাশেম বিডিআর, জহিরুল ইসলাম রতনের নেতৃত্বে আমার ভাইয়ের দোকানে ভাঙচুর করেছে।’

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আট রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, দুপক্ষের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ১২টা থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ