হোম > সারা দেশ > ময়মনসিংহ

পতিত জমিতে মাল্টা চাষে সফল দুর্গাপুরের তিন মামা-ভাগনে

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 

বিক্রি করার জন্য গাছ থেকে মাল্টা তুলছেন রনি মিত্র। ছবি: আজকের পত্রিকা

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরের পাহাড়, নদী ও সবুজ প্রকৃতির মধ্যেও বহু জমি দীর্ঘদিন ধরে পতিত থাকত। সেই পতিত জমিতে এক অনন্য সাফল্যের গল্প তৈরি করেছেন তিন মামা-ভাগনে রনি মিত্র, নিকঞ্জ মণ্ডল ও সুমন মল্লিক।

২০২২ সালে তাঁরা সীমান্তঘেঁষা বিজয়পুর জিরো পয়েন্ট এলাকায় ১ একর জমিতে মাল্টা চাষ শুরু করেন। প্রথমে স্থানীয় কৃষি অফিস থেকে ৩০০ চারা নিয়ে শুরু করলেও পরে আরও ২০০ চারা রোপণ করেন। বর্তমানে ৫০০ চারার বাগানে টসটসে মাল্টা ঝুলছে।

বাগান গড়তে এ পর্যন্ত প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে বলে জানান রনি মিত্র। তবে এ বছরের ফলন থেকে প্রায় ৪ লাখ টাকার মাল্টা বিক্রির আশা করছেন তাঁরা। আগামী মৌসুমে ফলন বাড়লে লাভের পরিমাণ কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তাঁদের প্রত্যাশা।

তিন মামা-ভাগনে বলেন, স্থানীয় চাহিদা মেটানোই তাদের মূল লক্ষ্য। বর্তমানে দুর্গাপুরের হাটবাজার ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা, জেলা শহর এবং ময়মনসিংহ পর্যন্ত এই বাগানের মাল্টা বাজারজাত হচ্ছে। ইতিমধ্যে বাগানের অর্ধেকের বেশি মাল্টা বিক্রি হয়েছে।

বর্তমানে বাগানে রয়েছে ৫০০ চারা। সবগুলো গাছে কমবেশি ঝুলছে টসটসে মাল্টা। ছবি: আজকের পত্রিকা

পাইকারি ক্রেতারা জানান, গাছ থেকে সরাসরি বাজারে আসা এই ফরমালিনমুক্ত মাল্টার চাহিদা অনেক বেশি। তাঁরা এখান থেকে পাইকারি কিনে খুচরা বাজারে বিক্রি করে ভালো মুনাফা পাচ্ছেন। স্থানীয় বাসিন্দা কৃষ্ণ কর বলেন, ‘ফরমালিনমুক্ত মাল্টা পেয়ে আমরা খুব খুশি। এতে সহজে পূরণ হচ্ছে ভিটামিন সি-এর চাহিদা।’

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. রায়হানুল হক বলেন, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে অক্টোবরের মাঝামাঝি মাল্টা বাজারজাতের উপযুক্ত সময়। তিনি জানান, এই তিন মামা-ভাগনে যথাসময়ে ফল বাজারজাত করায় ভোক্তারা মাল্টার আসল স্বাদ পাচ্ছেন।

পতিত জমিকে কাজে লাগিয়ে মাত্র তিন বছরে এই তিন মামা-ভাগনে যে সফলতার গল্প তৈরি করেছেন, তা এখন দুর্গাপুরের অনেকের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছে।

ত্রিশালে এক টন পাঠ্যবইসহ পিকআপ জব্দ, পলাতক মাদ্রাসা সুপার

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত