হোম > সারা দেশ > ময়মনসিংহ

ত্রিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচি কভারেজে ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি  

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রস্তুত নজরুল মঞ্চ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের ত্রিশালে প্রধানমন্ত্রীর কর্মসূচি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠান কভারেজে সাংবাদিকদের ডিউটি পাস বিতরণে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর বিরুদ্ধে।

অভিযোগ অনুযায়ী, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সংবাদ সংগ্রহের সুবিধার্থে স্থানীয় সাংবাদিকদের জন্য ডিউটি পাসের ব্যবস্থা থাকলেও প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকজন সাংবাদিককে এ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে।

সাংবাদিকদের দাবি, কর্মসূচি শুরুর কয়েক দিন আগ থেকেই তাঁরা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন। তবে কাঙ্ক্ষিত সহযোগিতা না পাওয়ায় প্রেসক্লাব ত্রিশালের সদস্যসহ প্রায় ২০ জন সাংবাদিক ডিউটি পাস থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেন তাঁরা।

প্রেসক্লাব ত্রিশালের সহসভাপতি ও দৈনিক আজকের পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি সাইফুল আলম তুহিন বলেন, ‘প্রধানমন্ত্রীর কর্মসূচি কভারেজের জন্য দায়িত্ববোধ থেকে আমরা আগেভাগেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। ইউএনওর সঙ্গে কয়েক দিন ধরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপ ও সহকারী কমিশনারের (ভূমি) পরামর্শে ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিস ও জেলা প্রশাসকের কার্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করি। তাঁরা জানান, বিষয়টি ত্রিশাল ইউএনওর মাধ্যমেই সম্পন্ন হবে। কিন্তু শেষ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।’

প্রেসক্লাব ত্রিশালের সভাপতি ইমরান হাসান বুলবুল বলেন, ‘আমরা নিয়মিতভাবে উপজেলার বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সমস্যা নিয়ে সংবাদ প্রকাশ করে থাকি। আমাদের ধারণা, পূর্ববর্তী কিছু সংবাদ প্রকাশের কারণে তিনি অসন্তুষ্ট ছিলেন। সেই কারণেই হয়তো ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের ডিউটি পাস থেকে বঞ্চিত করা হয়েছে।’

জানা গেছে, দৈনিক আজকের পত্রিকা, দৈনিক সময়ের আলো, দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক জনকণ্ঠ, দৈনিক বাংলাদেশ বুলেটিন, দৈনিক জনবাণী, The Bangladesh Today, খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা ডিউটি পাস না পাওয়ার অভিযোগ করেছেন।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ইউএনও আরাফাত সিদ্দিকীর বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন।

উল্লেখ্য, আজ শনিবার প্রধানমন্ত্রীর ময়মনসিংহ সফরের অংশ হিসেবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, জাতীয় পর্যায়ে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন এবং সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

মমেক হাসপাতাল: তিন মাসেও হয়নি আইসিইউ

ময়মনসিংহে হামের উপসর্গে ৫০ শিশুর মৃত্যু, তিন মাসেও স্থাপন হয়নি আইসিইউ

ত্রিশাল মহিলা বিপণিকেন্দ্রের দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ, রাজস্ববঞ্চিত পৌরসভা

রাস্তা বন্ধের অভিযোগে ত্রিশালে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ-সমাবেশ

মাদক কারবারের অভিযোগে বাড়িঘর ভাঙচুর-লুটপাট

কর্মবিরতি প্রত্যাহারের পরও নাকুগাঁও স্থলবন্দরে লোড-আনলোড বন্ধ, টানা দ্বিতীয় দিনের অচলাবস্থা

সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও রিলিফ ট্রেন লাইনচ্যুত, সাড়ে তিন ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল

ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত, উদ্ধারে যাওয়া রিলিফ ট্রেনও লাইনচ্যুত

ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর ট্রেন চলাচল বন্ধ