হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

প্রাণ ভিক্ষা চাওয়ার পরও পিটিয়ে মারা হলো হানিফকে, গ্রেপ্তার ৫

কিশোরগঞ্জ প্রতিনিধি

হানিফ হত্যা মামলায় গ্রেপ্তার ৫ আসামি। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় মো. হানিফ মিয়া (৩৪) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় করা মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

​নিহত হানিফ মিয়া ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার বাসিন্দা। তিনি পেশায় স মিলশ্রমিক ও কাঠ ব্যবসায়ী ছিলেন। অন্যদিকে মামলার এজাহারভুক্ত গ্রেপ্তার আসামিরা হলেন লস্কর মিয়া (৪৫), হেলেনা বেগম (৪০), জীবন মিয়া (২৫), নাদিয়া আক্তার (২০) ও রুকিয়া বেগম (৫০)। তবে মামলার অন্যতম প্রধান অভিযুক্ত জাকির হোসেন এখনো পলাতক।

পুলিশ, নিহত হানিফের স্ত্রী আয়েশা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে প্রতিবেশী লস্কর মিয়ার ছেলে জাকির হোসেন হানিফকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে রাত ১২টার দিকে হানিফ তাঁর স্ত্রী আয়েশার মোবাইল ফোনে কল করে আকুতি জানিয়ে বলেন—‘আমাকে বাঁচাও, জাকির হোসেনরা আমাকে মেরে ফেলবে।’

পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও অভিযুক্ত ব্যক্তিদের বাড়ির গেট বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে স্থানীয় লোকজন ও গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় খোঁজাখুঁজির একপর্যায়ে লস্কর মিয়ার বাড়ির অদূরে ব্রহ্মপুত্র নদসংলগ্ন একটি পতিত ধানখেত থেকে হানিফের মরদেহ উদ্ধার করা হয়।

আজ সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় নিহত হানিফের স্ত্রী আয়েশা কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা করেছেন।

এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে ক্ষুব্ধ জনতা লস্কর মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাড়ির বাইরে থাকা একটি মোটরসাইকেলও পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পলাতক জাকির হোসেন দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় দীর্ঘদিন ধরে চলমান বিরোধ ও মাদক কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। আগামীকাল শুক্রবার গ্রেপ্তার পাঁচ আসামিকে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরীফ উদ্দিন বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

১৫ কেজি গাঁজাসহ শালা-দুলাভাইকে পুলিশে দিল জনতা

ছুটিতে এসে সড়কে প্রাণ গেল প্রবাসী রুবেলের

সৌদি কারাগারে কিশোরগঞ্জের যুবকের মৃত্যু, ২৮ দিন পর ফিরল মরদেহ

কিশোরগঞ্জে থানা থেকে ৫০ গজ দূরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

ভৈরব থানার ওসি প্রত্যাহার

পাকুন্দিয়ায় ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৪

কিশোরগঞ্জ: অফিসে যান না কর্মকর্তা ১০ দিন পর করেন সই

কিশোরগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

ভ্রমণের আড়ালে মাদক পাচার: ২৬ লাখ টাকার ইয়াবা নিয়ে স্ত্রীসহ দুই ভাই গ্রেপ্তার

কিশোরগঞ্জে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন, ৬৪৭ রোগী নিয়ে চরম বিপাকে সৈয়দ নজরুল হাসপাতাল