হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

কিশোরগঞ্জ প্রতিনিধি

এক ব্যক্তির হাতে একাধিক কার্ড দেখা গেছে। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। প্রকৃত সুবিধাভোগীদের বাদ দিয়ে এক ব্যক্তি একাধিক কার্ড ব্যবহার করে চাল উত্তোলন করছেন বলে জানা গেছে। এমনকি এক সংরক্ষিত নারী সদস্যের বিরুদ্ধে চাল তুলে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগও পাওয়া গেছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদসংলগ্ন মির্জাপুর আলিম মাদ্রাসা কেন্দ্রে সরেজমিন এই অনিয়মের তথ্য মেলে।

সরকারি নিয়ম অনুযায়ী, প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল বিতরণের কথা। কিন্তু কেন্দ্রে দেখা যায়, কেউ কেউ একাধিক কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে চাল উত্তোলন করছেন। কেউ কেউ সুবিধাভোগী নিজে উপস্থিত না হয়ে অন্যদের মাধ্যমে কার্ড পাঠিয়েছেন, যার সুযোগ নিয়ে কিছু ব্যক্তি একাধিক বস্তা চাল সংগ্রহ করছেন।

স্থানীয়দের অভিযোগ, অনেক কার্ডে সুবিধাভোগীর নাম ও ঠিকানা পর্যন্ত উল্লেখ নেই, ফলে প্রকৃত দুস্থদের শনাক্ত করা অসম্ভব হয়ে পড়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে মির্জাপুর আলিম মাদ্রাসার সামনে ১০ কেজি চাল ২০০ টাকার বিনিময়ে বিক্রি করতে দেখা যায় ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নাসিমা আক্তারকে। সরকারি চাল কেন বিক্রি করছেন—এমন প্রশ্নে তিনি বলেন, ‘খাবারের জন্য নিয়েছিলাম, কিন্তু মান ভালো না হওয়ায় বিক্রি করে দিয়েছি।’ তবে তিনি নিজে কীভাবে ওই চাল উত্তোলন করলেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি।

চাল বিতরণে অব্যবস্থাপনার কথা স্বীকার করে ইউনিয়ন পরিষদের সচিব মো. মোবারক হোসেন বলেন, ‘কার্ডগুলোতে নাম-পরিচয় উল্লেখ ছিল না। সকালে এক ব্যক্তি একাধিক কার্ড নিয়ে আসায় বাগ্‌বিতণ্ডাও হয়েছে। তবে কোনো জনপ্রতিনিধি চাল তুলেছেন কি না, তা আমার জানা নেই।’

চরফরাদী ইউপির চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, ‘এক ব্যক্তির একাধিক কার্ড নিয়ে চাল নেওয়ার সুযোগ নেই। নারী সদস্যের চাল বিক্রির বিষয়টি আমি দেখিনি। অভিযোগ শোনার পর আপনাদের সামনেই তাঁকে এ বিষয়ে সতর্ক করেছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘আমি গতকাল বৃহস্পতিবার সরেজমিনে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেছি। যদি কোনো অনিয়ম বা সরকারি চাল বিক্রির প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আসন্ন ঈদ উপলক্ষে চরফরাদী ইউনিয়নে মোট ৩ হাজার ৫৪৫ জন কার্ডধারীর মাঝে এই ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। তবে বিতরণে এমন বিশৃঙ্খলা ও অনিয়মে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে হুমকি, সাংবাদিক কারাগারে

ভৈরবে তেল সরবরাহ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, ডিপো ইনচার্জ ৪ ঘণ্টা অবরুদ্ধ

ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদীর যুবক নিহত, পাশে থাকার আশ্বাস প্রশাসনের

কিশোরগঞ্জে মশার দাপট: মশকনিধনে বরাদ্দ মাত্র ১ লাখ ২০ হাজার টাকা

অভিমান করে ঘর ছেড়েছিল কিশোরী, দুই দিন পর ভৈরবে উদ্ধার

পাকুন্দিয়ায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

পাগলা মসজিদের নিলাম ডাকার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫