হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে জমির বিরোধে ব্যবসায়ী খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

সুমন। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ মঙ্গলবার সদর উপজেলার মারিয়া ইউনিয়নে বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারের কাঁচামালের ব্যবসা করতেন। আর আহত দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় বাসিন্দারা জানান, ১০-১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাগ্‌বিতণ্ডা হয়। সেই বিরোধের জেরে আজ সকালে সিরাজুলের ছেলে রুবেল মিয়া (৩২) দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান।

এ সময় বড় বাজারের ব্যবসায়ী সুমন পরিস্থিতি শান্ত করতে ও দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল ব্যবসায়ী সুমনের বুকে ছুরিকাঘাত করেন। হামলায় সুমন ও দুলাল দুজনেই জখম হন।

স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন।

পরে বেলা ২টা ১৫ মিনিটের দিকে মমেক হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া চিকিৎসাধীন রয়েছেন। অপর দিকে ঘটনার পরপরই অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

নিহত সুমনের ভাতিজা বুলবুল বলেন, ‘চাচা খুব ভালো মানুষ ছিলেন। একজনের ওপর হামলা হচ্ছে দেখে তিনি শুধু থামাতে গিয়েছিলেন। হামলা থামাতে গিয়েই উনাকে মরতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। মরদেহ বর্তমানে মমেক হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

হোসেনপুরে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

পাকুন্দিয়ায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ভৈরবে ১ কোটি ৮৫ হাজার টাকাসহ আটক দুই স্বর্ণকার, ২১ ঘণ্টা পর মুক্ত

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে হুমকি, সাংবাদিক কারাগারে

ভৈরবে তেল সরবরাহ বন্ধের প্রতিবাদে বিক্ষোভ, ডিপো ইনচার্জ ৪ ঘণ্টা অবরুদ্ধ

ইটনায় হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী-সাক্ষীদের প্রাণনাশের হুমকির অভিযোগ

সৌদি আরবে মিসাইল হামলায় কটিয়াদীর যুবক নিহত, পাশে থাকার আশ্বাস প্রশাসনের

কিশোরগঞ্জে মশার দাপট: মশকনিধনে বরাদ্দ মাত্র ১ লাখ ২০ হাজার টাকা

অভিমান করে ঘর ছেড়েছিল কিশোরী, দুই দিন পর ভৈরবে উদ্ধার

পাকুন্দিয়ায় ‘গরুচোর’ সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত