হোম > সারা দেশ > যশোর

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরলেন ৩৬ যুবক

বেনাপোল (যশোর) প্রতিনিধি  

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফেরা ৩৬ যুবক। ছবি: সংগৃহীত

ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তাঁরা জানান, গার্মেন্টসে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র অবৈধভাবে তাঁদের ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। আদালতের মাধ্যমে তাঁদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগ শেষে আইনি প্রক্রিয়ায় তাঁরা দেশে ফেরার সুযোগ পান। ইমিগ্রেশন কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপস্থিতিতে তাঁদের মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়, যাতে পরবর্তী আইনি সহায়তা দেওয়া যায়।

এদিকে ফেরত আসা কয়েকজন যুবক অভিযোগ করেন, দেশে ফেরানোর কথা বলে বিভিন্ন সময়ে তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তাঁরা আরও জানান, এখনো ভারতের বিভিন্ন কারাগারে প্রায় ২ হাজার বাংলাদেশি আটক রয়েছেন।

ফেরত আসা এক বাংলাদেশি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কাজের জন্য ভারতে গিয়েছিলাম। জেল থেকে ছাড়া পেয়ে ভালো লাগছে। ছাড়ানোর জন্য অনেকেই টাকা নিয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার শরিফুল ইসলাম বলেন, গার্মেন্টসে কাজ দেওয়ার কথা বলে দালালেরা ওই যুবকদের ভারতে নিয়ে যায়। পরে তাঁরা প্রতারণার শিকার হন। তাঁরা যেহেতু প্রাপ্তবয়স্ক, তাই নিজ নিজ দায়িত্বে রাতেই বাড়ির পথে রওনা হয়েছেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার আঢ্য বলেন, ফেরত আসা ৩৬ বাংলাদেশিকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হয়েছে।

এ সময় ইমিগ্রেশন পুলিশ, বিজিবি, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও মানবাধিকার সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দাবি পূরণের আশ্বাসে ৩ ঘণ্টা পর বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শ্রমিকেরা, অচলাবস্থা বেনাপোল বন্দরে

বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ছিটকে পড়ে চালকের মৃত্যু

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

যশোরে হতদরিদ্র নারীদের বিনা মূল্যে চক্ষু চিকিৎসা, ৩৫ জনের ছানি অপারেশনের ব্যবস্থা

ঢাকার ঘটনার রেশ না কাটতেই যশোরে আদ্-দ্বীন হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে বিক্ষোভ

যশোর আদালতে হত্যা মামলার আসামির ওপর ডিম নিক্ষেপ, ফাঁসির দাবিতে বিক্ষোভ

স্ত্রীকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ

বেনাপোল বন্দরের শেড থেকে ৬ কোটি টাকার পণ্য আত্মসাতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

পুশ ইন ঠেকাতে বেনাপোল সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন