হোম > সারা দেশ > ফরিদপুর

টাকা ধার না দেওয়ায় খালাকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলেন ভাগনে: পুলিশ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় পুলিশের হাতে গ্রেপ্তার আলমগীর হোসেন। ছবি: সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগম (৬৫) নামের এক নারীর লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাঁর এক ভাগনেকে আটক করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করায় আজ মঙ্গলবার (৩১ মার্চ) তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে পাঠানো আসামির নাম আলমগীর হোসেন (৪১)। তিনি জামেলা বেগমের আপন ভাগনে। ঘটনার পাঁচ দিন পর মঙ্গলবার ভোরে তাঁকে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে। আলমগীর হোসেন চরভদ্রাসন উপজেলার গাজীরটেক গ্রামের শেখ সালামের ছেলে।

জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে বরাত দিয়ে পুলিশ বলছে, টাকা ধার না দেওয়ায় গভীর রাতে আলমগীর তাঁর খালা জামেলা বেগমকে শ্বাসরোধে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে পালিয়ে যান। মঙ্গলবার দুপুরে নগরকান্দা থানায় সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান এসব তথ্য জানান।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান জানান, গত শনিবার সকালে নগরকান্দার রামনগর ইউনিয়নের রাধানগর পূর্বপাড়া গ্রামে নিজ বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে জামেলা বেগমের লাশ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত জমির ভূঁইয়ার স্ত্রী। তাঁদের দুই মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়ে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে একাই বাড়িতে বসবাস করছিলেন।

ঘটনার বর্ণনা দিয়ে মাহমুদুল হাসান বলেন, আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে থেকে ফিরে আসার পর ঋণগ্রস্ত এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন। এরই পরিপ্রেক্ষিতে তিনি তাঁর খালা জামেলা বেগমের কাছে বিভিন্ন সময় টাকাপয়সা ধার চান। কিন্তু জামেলা বেগম তাঁকে টাকা ধার না দেওয়াতে খালার ওপর ক্ষিপ্ত হন। এর মধ্যে আলমগীর খবর পান, তাঁর খালা জমি বিক্রির কিছু টাকা এফডিআর করেছেন। সেই টাকা ধার নেওয়ার জন্য গত শুক্রবার তিনি তাঁর খালার বাড়িতে আসেন।

মাহমুদুল হাসান বলেন, এ সময় কথাবার্তার একপর্যায়ে টাকা ধার দিতে অস্বীকৃতি জানান জামেলা। এরপর ওই বাড়িতেই রাতে থেকে যান আলমগীর। রাত আড়াইটার দিকে তাঁদের মধ্যে এ নিয়ে বাগ্‌বিতণ্ডা হলে একপর্যায়ে তাঁর গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে এবং লাশ বাড়ির পাশের সেপটিক ট্যাংকে গুম করেন আলমগীর। পরে তিনি ঘরের বাইরে থেকে তালা মেরে ভোরে পালিয়ে যান।

এ ঘটনায় জামেলা বেগমের ভাই শেখ মোতালেব নগরকান্দা থানায় হত্যা মামলা করেন। মামলায় তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাজমুল ইসলামসহ নগরকান্দা থানা-পুলিশের একটি দল ঘটনার রহস্য উদ্‌ঘাটনের কাজ শুরু করে। একপর্যায়ে সন্দেহভাজন হিসেবে আলমগীরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ উপস্থিত ছিলেন।

ফরিদপুরে গৃহবধূকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুরে বন্ধ থাকা দুই পাম্পে অভিযান চালিয়ে মিলল ৫৪ হাজার লিটার তেল

নিজ বাড়ির সেপটিক ট্যাংকে মিলল নারীর লাশ

ফরিদপুরে ছোট ভাইকে গুলি করে হত্যা, আ.লীগ নেতা আটক

শেখ হাসিনাসহ সব দণ্ডপ্রাপ্তকে দেশে ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফরিদপুরে ঈদের দিনে ১৭ বাড়ি ভাঙচুর-লুট, ছাত্রদল নেতাকে চূড়ান্ত বহিষ্কার

হামলায় তছনছ ১৭ বসতঘর, অভিযোগ ছাত্রদল-আ. লীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুরে ঈদের নামাজের পরেই দুই পক্ষের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর-লুটপাট

ফরিদপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু