হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর আমৃত্যু কারাদণ্ড

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আজ সোমবার গৃহবধূ হত্যা মামলায় ছেলের আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণার খবর শুনে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুর সদর উপজেলায় জোসনা বেগম (২১) নামের এক নারীকে গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে তাঁর স্বামী রাশেদ মোল্যাকে (৩১) আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে মামলার অপর একটি ধারায় যৌতুক দাবির অপরাধে রাশেদকে তিন বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন মামলায় এই রায় ঘোষণা করেন। এ সময় কারাদণ্ডপ্রাপ্ত রাশেদ আদালতে হাজির ছিলেন। রায় ঘোষণার পর তাঁকে পুলিশি পাহারায় জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। রায় শোনার পর রাশেদের মা-বাবাসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত রাশেদ মোল্যা ফরিদপুর সদর উপজেলার ঘোড়াদহ এলাকার লতিফ মোল্যার ছেলে। এ ছাড়া হত্যাকাণ্ডের শিকার স্ত্রী জোসনা বেগম একই উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের সৈয়দ মাতুব্বরের ডাঙ্গী গ্রামের সালাম শেখের মেয়ে।

২০১৯ সালে জোসনা ও রাশেদের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর রাশেদের দাবির মুখে নগদ ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। এরপর জোসনা বেগমের সোনার চেইন ও কানের দুল বিক্রি করে দেন। এসব টাকা দিয়ে রাশেদ মাদক সেবন করতেন। এ ছাড়া ২০২০ সালের ১৬ জুলাই আবারও স্ত্রী জোসনা বেগমের কাছে ৫০ হাজার টাকা যৌতুক দাবি করেন তিনি। এই টাকা দিতে না পারায় ঘরের মধ্যে থাকা কেরোসিন তেল জোসনার শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন স্বামী রাশেদ।

গুরুতর আহত অবস্থায় জোসনা বেগমকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরদিন ১৭ জুলাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় জোসনা বেগমের বড় ভাই জলিল শেখ বাদী হয়ে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলায় রাশেদের পাশাপাশি তাঁর বড় ভাই হাসিব মোল্যাকেও (৩৪) আসামি করা হয়। তবে আদালত তাঁকে খালাস দেন।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘এ রায়ের মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ ন্যায়বিচার পেয়েছে এবং আমরা সন্তুষ্ট। এ ছাড়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত রাশেদের ভাই হাসিব মোল্যার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় মামলার দায় থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।’

এদিকে রায় ঘোষণার পরে কান্নায় ভেঙে পড়েন সাজাপ্রাপ্ত আসামির মা হাসনা বেগমসহ পরিবারের সদস্যরা। এ সময় তাঁরা দাবি করেন, মিথ্যা মামলায় এ সাজা দেওয়া হয়েছে এবং তাঁরা ন্যায়বিচার দাবি করেন।

ফরিদপুরে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

ভারত সরকারকে নীতিমালা মেনে অবৈধ বাংলাদেশিদের পাঠানোর আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

এসএসসির পরীক্ষাকেন্দ্রে গিয়ে অবরুদ্ধ এনসিপি নেতা

বিয়ের অনুষ্ঠানে টেবিলের নিচে মাংস জমা, কনেপক্ষের সঙ্গে সংঘর্ষে আহত ১০

ফরিদপুর পৌরসভার সাবেক মেয়রকে গ্রেপ্তারের দাবি যুবদল নেতার

ফরিদপুরে মাদক কারবারের অভিযোগ তুলে নির্যাতন, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

মায়ের লাশ দেখতে ছুটছিলেন, পথেই নিভে গেল মেয়ের জীবন

ফরিদপুরে নদ থেকে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পাটখেতে মিলল যুবকের মরদেহ

১০ বছরের প্রবাসজীবনের পর বাড়ি ফেরা হলো না, বিয়ের আগেই নিভে গেল ৫ প্রাণ