হোম > সারা দেশ > ঢাকা

ক্রিকেটার স্বর্ণার চুরি হওয়া আইফোন, ডলারসহ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরি হওয়া আইফোন, ডলারসহ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুর থেকে আসামি আল-আমিনকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) একটি আভিযানিক দল। 

আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসা থেকে দুটি আইফোনসহ সাড়ে ৩ হাজার ডলার চুরি হয়। 

খন্দকার আল মঈন জানান, এ ঘটনার পর র‍্যাব ছায়া তদন্তে নামে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, আসামি আল-আমিন ঢাকা থেকে পালিয়ে দিনাজপুরে আত্মগোপন করেছেন। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় আইফোনসহ চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। 

এর আগে গত সোমবার দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে ৩ হাজার ডলার, সাড়ে ৬ হাজার নগদ টাকা, জন্ম সনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়। এ অভিযোগে মো. আল-আমিন দেওয়ান আযান নামের একজনের বিরুদ্ধে গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন স্বর্ণা। 

অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযান আরেক নারী ক্রিকেটারের স্বামী। তাঁরা একই ফ্ল্যাটে থাকতেন। মামলার এজাহারে ক্রিকেটার স্বর্ণা আক্তার অভিযোগ করেছেন, অভিযুক্ত মো. আল-আমিনকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনিপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনি ও তাঁর তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান মাঠে গিয়ে ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি তুলে দুপুর ১২টার দিকে চলে যান। এরপর থেকে ব্যাগে আইফোন ১৩ প্রো এবং আইফোন ১৩ মিনি খুঁজে পাননি। 

স্বর্ণা আক্তার আরও অভিযোগ করেন, অন্য ফোন থেকে দুটি নম্বরে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়। মাঠের অনুশীলন শেষে বাসায় ফিরে ফ্ল্যাটের মূল দরজা বন্ধ পান তিনি। তালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে কক্ষের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওয়ার্ডরোবে থাকা সাড়ে ৩ হাজার ডলার, ব্যাগে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা, জন্ম সনদ, ব্যাংকের চেকবই ও ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়ে গেছে।

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’

মাসব্যাপী মশা মারবে ডিএসসিসি

ইকরার আত্মহত্যায় প্ররোচনার আসামি হলেন আলভী–তিথি