হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর ঈদ বাজার: সীমিত বাজেটে পরিবারের সদস্যদের ঈদের খুশি

জয়নাল আবেদীন খান, ঢাকা 

সাপ্তাহিক ছুটির দিনে ঈদের কেনাকাটায় ব্যস্ত কয়েকজন নারী। গতকাল রাজধানীর শান্তিনগরের কর্ণফুলী গার্ডেন সিটিতে। ছবি: আজকের পত্রিকা

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। গত শুক্রবার থেকে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড়ের বড় অংশই মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ।

রাজধানীর গুলিস্তান এলাকার ফুটপাতের দোকানে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে ঈদের পোশাক কিনতে এসেছেন গাড়িচালক মো. সেলিম। দীর্ঘ সময় ধরে বিভিন্ন দোকান ঘুরে দেখার পর শেষ পর্যন্ত ছেলের জন্য একটি শার্ট, প্যান্ট এবং মেয়ের জন্য একটি ফ্রক কেনেন তিনি। নিজের জন্য কী কিনেছেন—জানতে চাইলে মৃদু হেসে বলেন, ‘বাচ্চাদেরটা আগে। ওরা খুশি হলেই আমাদের ঈদ। নিজের জন্য না কিনলেও চলবে।’

সীমিত আয়ের মধ্যেও সন্তানের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছেন সেলিমের মতো অসংখ্য নিম্ন আয়ের মানুষ। গতকাল রাজধানীর নিউমার্কেট, মিরপুর ১, গুলিস্তান ও সায়েন্স ল্যাব এলাকায় সরেজমিন একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে দেখা গেছে এমন চিত্র। গাড়িচালক রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গরিব মানুষ। দুই হাজার টাকার মধ্যে কেনাকাটা করতে হবে। এ জন্য কম দামে পাওয়ার আশায় ঘুরে ঘুরে কিনছি। শিশুদের মুখে যেন হাসি ফোটানো যায়।’

নিম্ন আয়ের অনেকে এভাবে সীমিত টাকার মধ্যে পরিবারের সদস্যদের জন্য পোশাক কেনার চেষ্টা করছেন। দরদাম করে কিনছেন তাঁরা। বিভিন্ন জায়গায় পাঞ্জাবি ৩০০ থেকে শুরু করে দেড় হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। প্যান্ট মিলছে ৩০০ থেকে হাজার টাকায়। অন্যদিকে থ্রি-পিস ও শাড়ি ৩০০ থেকে শুরু করে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। বসুন্ধরা সিটিসহ মার্কেটগুলোতে মিলছে অপেক্ষাকৃত ভালো মানের পণ্য। তবে মার্কেটে দাম তুলনামূলক বেশি, যা নিম্নবিত্তের নাগালের বাইরে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির ধারণা, সারা দেশে এবার ১ লাখ ২০ হাজার কোটি টাকার পোশাক বিক্রি হবে। নিউমার্কেটের দোকানিরা জানান, এবার মাঝারি ও উচ্চমূল্যের পোশাকের তুলনায় কম দামের পোশাকের চাহিদা বেশি। বাজেটের কারণে অনেকে সাশ্রয়ী পোশাকে ঝুঁকছেন।

চাকরিজীবীদের অনেকে ঈদের কেনাকাটার জন্য বোনাসের অপেক্ষায় থাকেন। অনেকে আবার ঈদের আগের রাতেও কেনাকাটা করেন।

একজন দোকান কর্মচারী বলেন, ঈদের কাছাকাছি সময়ে বোনাস পেলে কেনাকাটা করব। টুপি ও মাস্ক বিক্রেতা লামিয়া বলেন, চাঁদরাতে কেনাকাটা করি। যা টুপি বিক্রি হয়, তার লাভের অংশ দিয়ে ওই সময় কেনাকাটা করব। তখন কম দামে পাওয়া যাবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, গত বছর সারা দেশে রমজানে ১ লাখ ৭০ হাজার কোটি টাকার পণ্য বিক্রি হয়েছিল। এর মধ্য শুধু পোশাক খাতেই ছিল ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকা। এসব ক্রেতার মধ্যে ৬০ থেকে ৭০ শতাংশই মধ্যবিত্ত থেকে নিম্ন আয়ের মানুষ।

সমাজবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সালমা আক্তার বলেন, আসলে অল্প বাজেট জরুরি বিষয় নয়। জরুরি বিষয় হচ্ছে, আনন্দ নিয়ে উদ্‌যাপন করা। দামি জিনিসের চেয়ে আপনজনের সঙ্গে আনন্দ নিয়ে উদ্‌যাপন করা বেশি জরুরি।

জাবি প্রাক্তন ছাত্রদল ফোরামের ইফতার মাহফিল

৭ মার্চের ভাষণ বাজানোয় ঢাবি শিক্ষার্থীসহ দুজন থানা হেফাজতে

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে গ্রেপ্তার ৪

দাম্পত্য কলহের জেরে আত্মহত্যার চেষ্টা, ঢামেকে গৃহবধূর মৃত্যু

সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে ঢাকায় বসবাসরত মিরসরাইবাসীর ইফতার মাহফিল

রাজধানীর তেজগাঁওয়ে অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা, নিহত ২

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরিতে ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত

অবশেষে চেনা রূপে মেলা

সোনারগাঁও হোটেল ক্রসিংয়ে কাচের টুকরার আঘাতে কিশোর নিহত

ওয়াসার এমডিসহ চারজনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান