হোম > সারা দেশ > ঢাকা

টিকা নিয়ে খুশি বস্তিবাসী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামান্য জটিলতা থাকলেও বেশ উৎসবমুখর পরিবেশে প্রথম দিন শেষ হয়েছে রাজধানীর বস্তিবাসীর টিকাদান কর্মসূচি। প্রায় প্রতিটি কেন্দ্রে নির্ধারিত সময়ের পরে শুরু হয়েছিল টিকাদান। তবে টিকা নিতে পেরে খুশি বস্তিবাসী।

বিশেষ ব্যবস্থায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব বস্তির জন্য ৫ লাখ টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আজ দেওয়া হয়েছে কড়াইল বস্তিতে। এখানে তিন লাখ মানুষকে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম দিনে দেওয়ার কথা ১৫ হাজার নারী-পুরুষকে। 

তাৎক্ষণিক নিবন্ধন ছাড়াও সুরক্ষা আ্যাপে নিবন্ধন করেও যারা এত দিন টিকার এসএমএস পাননি, তারাও এতে টিকা নিতে পারছেন।

আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে কড়াইল বস্তির এরশাদ মাঠে (পল্লিবন্ধু এরশাদ বিদ্যালয়) গিয়ে দেখা যায়, টিকা প্রত্যাশীদের দীর্ঘ লাইন। যাদের অধিকাংশই নারী। কিন্তু দু-একজন ছাড়া কারও মুখেই মাস্ক ছিল না, ছিল না স্বাস্থ্যবিধির বালাই। 

এই কেন্দ্রের ৭টি বুথের প্রত্যেকটিতে ৫০০ জনকে টিকা দেওয়ার কথা ছিল। এই কেন্দ্রসহ প্রতিটিতে সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হচ্ছে। 

টিকা নিতে মাস্ক ছাড়া লাইনে দাঁড়িয়ে রোকসানা আক্তার। তেইশোর্ধ্ব এই নারী আজকের পত্রিকাকে বলেন, 'এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। আমার স্বামী অফিস করার কারণে আগেই টিকা নিতে পেরেছেন। সবাই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে আছি। সরকার আমাদের জন্য টিকার ব্যবস্থা করেছে, এটা আমাদের জন্য আনন্দের।'   

টিকা নেওয়া তানজিলা বেগম (২৪) বলেন, 'অফিস থেকে টিকার জন্য বারবার বলা হচ্ছিল। কিন্তু বয়স ২৫ না হওয়ায় নিতে পারিনি। এখন ১৮ হলেই নেওয়া যাচ্ছে, তাই টিকা নিতে এসেছি।'  

দুই মাস আগে নিবন্ধন করেছেন আবুল হোসেন। কিন্তু এখনো পর্যন্ত এসএমএস আসেনি। তাই, সত্তোর্ধ্ব এই চা বিক্রেতা আজ এসেছেন টিকা নিতে। 

আজকের পত্রিকাকে আবুল হোসেন বলেন, 'আমার পোলারা টিকা পেলেও নিবন্ধন করেও আমি এখনো টিকা নিতে পারিনি। এর আগে গণ টিকার সময়েও ফিরে গেছি। তাই এখন টিকা নিতে এসেছি।'  

সকাল সাড়ে ৮টায় টিকাদান শুরু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় প্রায় সাড়ে ৯টায় শুরু হয়েছে টিকাদান। শেষ হয়েছে বিকেল ৪টায়। 

টিকাদানে নিয়োজিত রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক শাহরিয়ার আজকের পত্রিকাকে জানান, এ কেন্দ্রে পুরুষের তুলনায় নারীর চেয় সংখ্যা অনেক বেশি। যারা আগে নিবন্ধন করেছেন তাদের কার্ড দেখে টিকা দেওয়া হচ্ছে। যারা নতুন তাদেরকে গতরাতে টোকেন দেওয়া হয়েছে। তাই, দ্রুত এগোচ্ছে। এ ছাড়া যাদের ভোটার আইডি কার্ড নেই, তাদেরকে জন্ম নিবন্ধনের মাধ্যমে টিকা দেওয়া হয়েছে। 

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) কেন্দ্র পরিদর্শনে এসে বলেন, ঢাকা উত্তর সিটিতে সব বস্তিবাসীর জন্য ৫ লাখ টিকা বরাদ্দ হয়েছে। এর মধ্যে কড়াইলে বস্তিবাসী যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে তারা কেউ বাদ যাবে না। ৭টা কেন্দ্রে ২৫টা বুথে আমাদের শতাধিক কর্মী কাজ করছে। আমাদের লক্ষ্য একদিনে ১৫ হাজার করে টিকা প্রদান। যে পর্যন্ত সবাইকে টিকা নিশ্চিত না করা হবে, সে কদিন আমরা টিকা দিয়ে যাব। 

রমজানে মেলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া

শাহজালাল বিমানবন্দরে উদ্বেগ-হতাশায় অপেক্ষা যাত্রীদের

বিমানবন্দরে এসে জানলেন ভিসা-টিকিট সবই জাল, কান্নায় ভেঙে পড়লেন যাত্রী

মোহাম্মদপুরে গ্যারেজে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

‘তার আচরণ ভালো লাগেনি’—আদালতকে আসামি শাহিন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তি

রাজধানীর সায়েদাবাদে মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহত

রাজধানীর তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলচালকের মৃত্যু

রাজধানীর কদমতলীতে ট্রাকচাপায় কিশোর নিহত

‘বনি ইসরায়েল উত্থান-পতন’