হোম > সারা দেশ > ঢাকা

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা মামলার রায়: কাঠগড়ায় নীরব ছিলেন সোহেল-স্বপ্না

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বপ্না আক্তার ও সোহেল রানা। ফাইল ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় করা আলোচিত মামলায় রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের কাঠগড়ায় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার নীরব ছিলেন।

আজ রোববার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই রায় ঘোষণা করেন।

বেলা ১১টায় রায় ঘোষণা শুরু হয়। ৩৫ মিনিট রায়ের উল্লেখযোগ্য অংশ পড়ে শোনান বিচারক। পুরো সময় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার স্বাভাবিক ছিলেন। সোহেল রানাকে গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরানো অবস্থায় দাঁড় করিয়ে রাখা হয়। স্বপ্নাকে হেলমেট পরা অবস্থায় বসিয়ে রাখা হয়।

রায়ে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে সোহেলকে পাঁচ লাখ টাকা ও স্বপ্নাকে দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার পরও ট্রাইব্যুনালের এজলাস কক্ষে সোহেল ও স্বপ্না দুজনই নীরব ছিলেন। কাঠগড়া থেকে বের করার সময়ও কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। রায় পড়ার আগে স্বপ্নাকে কিছু সময় কাঁদতে দেখা যায়। সোহেল স্বাভাবিক আচরণ করেন।

রায় ঘোষণার পর দুপুর ১২টার দিকে সোহেল ও স্বপ্নাকে কাঠগড়া থেকে বের করার সময় ‘খুনি খুনি’ বলে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ জনতা। দ্রুত সময়ের মধ্যে তাদের ফাঁসি কার্যকরের দাবিও জানান অনেকে।

এদিকে, রায় ঘোষণা ঘিরে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। অতিরিক্ত পুলিশ সদস্যদের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এর আগে, ৪ জুন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন। গত মঙ্গলবার মামলায় ১৮ সাক্ষীর মধ্যে একদিনেই ১৬ জনের সাক্ষ্য নেওয়া হয়। সব মিলিয়ে মাত্র পাঁচ কার্যদিবসে মামলাটির বিচারকাজ সম্পন্ন হয়।

এজাহার অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর বাসা থেকে বের হওয়ার পর দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে নিজের বাসায় নিয়ে গিয়ে ধর্ষণের পর হত্যা করেন সোহেল। স্ত্রীর স্বপ্না আক্তার তাকে সহযোগিতা করেন। দেশ-বিদেশে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় ২০ মে শিশুটির বাবা পল্লবী থানায় মামলা দায়ের করেন।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার