হোম > সারা দেশ > ঢাকা

সপ্তাহ ধরে বিকল ঢামেক মর্গের ফ্রিজার, ছড়াচ্ছে লাশ পচা গন্ধ

ঢামেক প্রতিবেদক

ঢামেকের মর্চুয়ারি কমপ্লেক্সের ভেতর একটি কক্ষের মেঝেতে সারি করে রাখা হয়েছে কয়েকটি লাশ। ছবি: আজকের পত্রিকা

প্রায় এক সপ্তাহ ধরে বিকল হয়ে আছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্চুয়ারি কুলার (লাশ সংরক্ষণ যন্ত্র)। ফলে ময়নাতদন্তের জন্য আসা মরদেহগুলো পচে-গলে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। সে সঙ্গে মরদেহ যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণের ব্যবস্থা না থাকায় এখন মরদেহের বিভিন্ন আলামত নষ্টের আশঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদনের এক সপ্তাহেও হয়নি মেরামত বা বিকল্প উপযুক্ত ব্যবস্থা। ফরেনসিক বিভাগের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে মর্গে আট থেকে ১০টি মরদেহের ময়নাতদন্ত হয়।

আজ সোমবার দুপুরে মর্গে সরেজমিনে দেখা যায়, ঢামেকের ফরেনসিক বিভাগের পাশে রাখা বিশেষ মর্চুয়ারি কুলার। যেখানে একসঙ্গে ৪০টি মরদেহ সংরক্ষণ করা যায়। তবে বর্তমানে সেটি বিকল হয়ে পড়েছে।

মর্গের কমপ্লেক্সের ভেতরে ঢুকে দেখা যায়, একটি কক্ষের মেঝেতে সারি করে রাখা হয়েছে লাশগুলো। কয়েকটি রাখা হয়েছে লাশ পরিবহনের ট্রলিতে। তবে সেই কক্ষে নেই কোনো শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র।

এ বিষয়ে মর্গের দায়িত্বে থাকা (ইনচার্জ) রামু চন্দ্র দাস জানান, আগে পাঁচটি ছোট ফ্রিজারে লাশগুলো সংরক্ষণ করা হতো। সেসব ফ্রিজার বর্তমানে অকেজো হয়ে পড়েছে। ২০২১ সালে মর্গে স্থাপন করা হয় রেডক্রসের দেওয়া বিশেষ মর্চুয়ারি কুলার। যেখানে একসঙ্গে ৪০টি মরদেহ রাখা যায়। তবে গত এক সপ্তাহ ধরে কুলারটি পুরোপুরি বিকল হয়ে পড়েছে।

এই অবস্থায় কীভাবে লাশ সংরক্ষণ করা হচ্ছে—জানতে চাইলে রামু চন্দ্র বলেন, নিরুপায় হয়ে লাশগুলো ফ্লোরে রাখা হচ্ছে, যদিও এখানে ইঁদুরের আক্রমণের সম্ভাবনা আছে! এভাবে লাশ থেকে বিভিন্ন আলামত নষ্ট হয়ে যেতে পারে। তা ছাড়া লাশের প্রকট গন্ধে বিভিন্ন বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন না।

জানা গেছে, ফরেনসিক বিভাগ থেকে কুলার অকেজো হওয়ার বিষয়টি উল্লেখ করে সেটি দ্রুত মেরামতের জন্য ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর একটি আবেদনপত্র পাঠানো হয়েছে। তবে প্রায় সপ্তাহ গড়াতে চললেও এখনো সেটির বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

আবেদনপত্রে দেখা যায়, ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক কাজী গোলাম মোখলেছুর রহমান মর্চুয়ারি কুলার অকেজো হয়ে পড়ার বিষয়টি অবগত করে লিখেছেন, এটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করা অতি জরুরি। আবেদনটি ২ জুন ইস্যু করা হয়েছে।

এ বিষয়ে অধ্যক্ষ অধ্যাপক মো. মাজহারুল শাহীন বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার