হোম > সারা দেশ > ঢাকা

সিন্ডিকেট সভায় ঢুকে গেলেন ডাকসু নেতারা, আধা ঘণ্টা চলল বাগ্‌বিতণ্ডা–উত্তেজনা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সিনেট ভবন প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করেন ডাকসু নেতারা। ছবি: আজকের পত্রিকা

বিশ্ববিদ্যালয়ে পরিবহন খাতে ইউজিসি থেকে আনা ৪ কোটি টাকার বরাদ্দ বাস্তবায়ন আটকে থাকার অভিযোগে সিনেট ভবনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতারা। এরই মধ্যে তারা চলমান সিন্ডিকেট সভাকক্ষে ঢুকে উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে সভা থেকে দাবি পূরণের আশ্বাস পেলে তারা চলে যান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের প্রাঙ্গণে এ অবস্থান কর্মসূচি শুরু করে ডাকসু নেতারা। পরে তারা মিছিল নিয়ে ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষের সামনে অবস্থান নেন, যেখানে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।

ডাকসু নেতাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের অনাবাসিক শিক্ষার্থীদের জন্য শনিবার বাস সার্ভিস চালুর লক্ষ্যে ইউজিসি থেকে প্রায় চার কোটি টাকা বরাদ্দ আনা হলেও কেবল কোষাধ্যক্ষের স্বাক্ষরের অভাবে তা আটকে আছে। একই সঙ্গে কেন্দ্রীয় মসজিদে এসি স্থাপন করা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ না দেওয়া এবং কেন্দ্রীয় মাঠ সংস্কারে বরাদ্দ থাকা সত্ত্বেও কাজ শুরু না হওয়ার বিষয়েও প্রশাসনের সমালোচনা করেন তারা।

কর্মসূচিতে ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, ‘শনিবারে বাস চালুর জন্য আমরা ইউজিসি থেকে ৪ কোটি টাকা নিয়ে এসেছি। শুধু কোষাধ্যক্ষের একটি সিগনেচারের জন্য এটি আটকে আছে। শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে প্রশাসন টালবাহানা করছে।’

পরিস্থিতি শান্ত করতে প্রথমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসি শামসউদ্দীন চৌধুরী ঘটনাস্থলে (সিন্ডিকেট সভার সামনের ফটকে) এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তবে সমাধান না হওয়ায় তিনি পরে সিনেট অধিবেশনে ফিরে যান।

এরপর ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলি ইবনে মোহাম্মদসহ অন্যান্য নেতাকর্মী এবং বিভিন্ন হল সংসদের নেতারা সিন্ডিকেট সভাকক্ষে প্রবেশ করেন। সেখানে প্রায় ৩০ মিনিট ধরে ডাকসু প্রতিনিধি ও সিন্ডিকেট সদস্যদের মধ্যে বাগবিতণ্ডা চলে।

সভাকক্ষে প্রবেশের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল হাসান ডাকসু এহেন কর্মকাণ্ডকে ‘মব’ বলে উল্লেখ করেন। উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো সিন্ডিকেট সভায় উত্থাপনের পরিকল্পনা ছিল এবং তা বাস্তবায়ন না হলে পরে আন্দোলনে আসা যেত।

পরে সভা থেকে বাইরে এসে আসিফ আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘স্যাররা আমাদের আশ্বস্ত করেছেন যে দাবিগুলো সভায় উত্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী অনাবাসিক। তাই আমরা মনে করি, এই দাবিগুলো বাস্তবায়ন হওয়া জরুরি।’

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার