হোম > সারা দেশ > ঢাকা

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়সহ ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি এবং নেটওয়ার্ক দখলের ঘটনা ঘটছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এসব ঘটনার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রোববার রাজধানীর বনানীতে আইএসপিএবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে আইএসপিএবির সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম বলেন, ‘বেশ কয়েক বছর যাবত দেখা যাচ্ছে, ইন্টারনেট ব্যবসায়ীদের নেটওয়ার্ক দখল হয়ে যাচ্ছে। ইন্টারনেট ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা নেওয়া হচ্ছে কিংবা হুমকি দেওয়া হচ্ছে। সেই আলোকে আমি বলতে চাই, গত ৯ জুন আমাদের সদস্য প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের নেটওয়ার্ক দখলের চেষ্টা হয়েছিল। অফিসে সন্ত্রাসী হামলা হয়েছে। এটা শুধু ডট ইন্টারনেট না, সারা বাংলাদেশে এটা ঘটে চলছে। গত ১০ বছর যাবত এটা খুব চরম আকার ধারণ করেছে।’

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, ৯ জুন ডট ইন্টারনেটের অফিসে ২৫ জনের মতো সন্ত্রাসী হামলা ও লুটপাট চালায় এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয়। এ ঘটনায় স্থানীয় থানায় সাধারণ ডায়েরি ও মামলা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে একজন আসামিকে ধরা হয়েছে। কিন্তু এখনো ২৩–২৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়নি।

আইএসপিএবি সভাপতি জানান, গত মাসে কুমিল্লার দেবিদ্বারের তিন থেকে চার এলাকার নেটওয়ার্ক দখল করে নেওয়া হয়েছে। এর আগে গাজীপুরে, বগুড়ায় ও চাঁদপুরের মতলবেও এমন ঘটনা ঘটেছে। বিগত সরকারের আমলে, বিশেষ করে লালমাটিয়া ও মোহাম্মদপুর এলাকায় নেটওয়ার্ক দখল হয়ে গিয়েছিল এবং প্রতিটা অফিসে তালা মেরে দেওয়া হয়েছিল। বেশির ভাগ ইন্টারনেট সেবাদাতা তাদের প্রধান কার্যালয় মোহাম্মদপুর থেকে সরিয়ে অন্য এলাকায় নিয়ে যেতে বাধ্য হয়েছে বলে জানান তিনি।

আমিনুল হাকিম আরও জানান, গড়ে প্রতি মাসে ১০-১২টা নেটওয়ার্ক দখলবিষয়ক সমস্যা সংগঠনের পক্ষ থেকে সমাধান করার চেষ্টা করা হয়। বিগত সরকারের সময় এর পরিমাণটা বেশি ছিল। প্রতি মাসে ২০ থেকে ২৫টা নেটওয়ার্ক দখলের বিচার সংগঠনের কাছে আসত। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কিংবা সংগঠনের মাধ্যমে এটা সমাধান করার চেষ্টা করা হতো। কিছু কিছু ক্ষেত্রে সমাধান হতো, তবে বেশির ভাগ ক্ষেত্রেই সমাধান আসেনি। গত এক বছরে ১৫০ থেকে ২০০ নেট দখল কিংবা চাঁদাবাজির ঘটনা সংগঠনের পক্ষ থেকে সমাধানের চেষ্টা করা হয়েছে বলে জানান আইএসপিএবি সভাপতি।

সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা জানান, ৮০-৯০ শতাংশ ইন্টারনেট ব্যবসায়ীকে চাঁদা দিতে হয়। প্রতিনিয়ত আক্রমণ ও হামলার মুখোমুখি হতে হয়। এগুলো শুধু একটি প্রতিষ্ঠানের ওপর আক্রমণ নয়, বরং দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও ডিজিটাল অর্থনীতির ওপর সরাসরি আঘাত।

সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ছয়টি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করা, অপরাধীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেট অবকাঠামোকে গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে নিরাপত্তা জোরদার করা, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা দেওয়া এবং কোনো আইএসপি হামলা-দখলবাজির শিকার হলে সংশ্লিষ্ট থানা থেকে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেওয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইএসপিএবির মহাসচিব নাজমুল করিম ভূঁঞা, সহসভাপতি নেয়ামুল হক খান, যুগ্ম মহাসচিব মাহবুব আলম রাজু প্রমুখ।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার

আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব: প্রতিপক্ষ সরাতে ভাড়াটে খুনি ব্যবহার করছে সন্ত্রাসীরা