হোম > সারা দেশ > ঢাকা

ওয়ারীতে ৫৭ ভরি সোনা ছিনতাইয়ের অভিযোগে ৯ ডাকাত গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

রাজধানীর পুরান ঢাকার ওয়ারী থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৫৭ ভরি সোনা ও নগদ টাকা ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ৯ জন আন্তজেলা ডাকাত চক্রের সদস্য। তাঁদের কাছ থেকে ১৭ ভরি গলানো সোনা, সোনা বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, একটি মোটরসাইকেল, একটি মাইক্রোবাসসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদ রানা এসব তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শহিদুল ইসলাম মাঝি (৬০), আব্দুল মালেক (৫৫), মনির হোসেন (৪৫), ইউসুফ কাজী (৬৫), রাইসুল ইসলাম (৩৪), আরিফুল ইসলাম (৩৪), আফজাল হোসেন (৩০), তিন্নাথ পাল (৩৮) ও রিপন পাল (৩৬)।

পুলিশ জানায়, গত ২৭ মে রাত ১০টার দিকে ওয়ারী থানার নবাবপুর রোডের রথখোলা মোড়ে স্বর্ণ ব্যবসায়ী হরিপদ পাল ও তাঁর প্রতিষ্ঠানের ম্যানেজার ৫৭ ভরি স্বর্ণালংকার এবং ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। পথে সংঘবদ্ধ একটি চক্র তাঁদের গতিরোধ করে।

ডিবি পুলিশের পরিচয় দিয়ে ওই চক্রের সদস্যরা দাবি করেন, তাঁদের কাছে অবৈধ মাদক রয়েছে। পরে ভয়ভীতি দেখিয়ে দুজনকে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। চোখমুখ বেঁধে প্রাণনাশের হুমকি দিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার পর কমলাপুর রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ফেলে রেখে পালিয়ে যান তাঁরা।

এই ঘটনায় হরিপদ পালের অভিযোগের ভিত্তিতে ওয়ারী থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইত্তেফাক মোড় এলাকায় অভিযান চালায় ওয়ারী থানা-পুলিশ। এ সময় আবারও ডাকাতির প্রস্তুতিকালে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে তিনটি ডিবি পুলিশের কটি, একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি সেট, এক জোড়া হ্যান্ডকাফ, দুটি লাঠি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে যশোর ও তাঁতীবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এই তিনজনের কাছ থেকে ছিনতাই হওয়া ৫৭ ভরি সোনার মধ্যে ১৭ ভরি গলানো সোনা, সোনা বিক্রির ৬ লাখ ৮০ হাজার টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল ও মাইক্রোবাস উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পুনরায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় ওয়ারী থানায় পৃথক আরেকটি মামলাও করা হয়েছে।

আষাঢ়ের প্রথম দিন, আজ বর্ষা উৎসব

শাহবাগে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে প্রতিমন্ত্রীর ঝটিকা অভিযান

কাল বর্ষাবরণ উৎসব হবে কেন্দ্রীয় শহীদ মিনারে

অভিনেত্রী ঝিলিকের রহস্যজনক মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে স্বামী

‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশকে গুলির ঘটনায় গ্রেপ্তার ব্যক্তি রিমান্ডে

বুড়িগঙ্গায় ভাসছিল যুবকের লাশ, সঙ্গে জাবি শিক্ষার্থী দীপের আইডি কার্ড

আবুল বারকাত এবার গ্রেপ্তার হত্যা মামলায়

মাদ্রাসার সাইনবোর্ড টানাতে গিয়ে বিদ্যুতায়িত, দগ্ধ ২ ছাত্র ও শিক্ষক

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম এবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার