আগামীকাল ১৫ জুন, সূর্যোদয়ের সঙ্গে শুরু হবে বাংলা পয়লা আষাঢ়; যা আষাঢ়স্য প্রথম দিবস হিসেবেও পরিচিত। এ দিনই রাজধানীতে উদ্যাপিত হবে বর্ষা উৎসব। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সংগীত, নৃত্য এবং নানা আয়োজনে মেতে উঠবে বর্ষাকে স্বাগত জানাতে।
বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে ১৮ বছর ধরে প্রতিবছর পয়লা আষাঢ় ‘বর্ষা উৎসব’ উদ্যাপিত হয়ে আসছে। প্রতিবছরের মতো এবারও ব্যতিক্রম হচ্ছে না।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণের দক্ষিণ পাশের চত্বরে সকাল ৭টা ২০ মিনিটে শুরু হবে এই অনুষ্ঠান।
শিল্পী মো. মিনহাজুল হাসান ইমনের রাগ ‘জয় জয়ন্তী’ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের শুভ সূচনা হবে। বর্ষাকথন পর্বে অংশ নেবেন সংগঠনের সভাপতি নৃত্যশিল্পী অধ্যাপক ড. নিগার চৌধুরী, আবৃত্তিশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা আশরাফুল আলম এবং বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি শিল্পী কাজী মিজানুর রহমান।
শুভেচ্ছা বক্তব্য দেবেন বর্ষা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
সাংস্কৃতিক আয়োজনে একক আবৃত্তি করবেন নায়লা তারাননুম চৌধুরী কাকলি, মাশকুরে সাত্তার কল্লোল। দলীয় নৃত্যে পরিবেশন করবে নৃত্যম, দিব্য, স্পন্দন, ধৃতি নর্তনালয়, নৃত্যাক্ষ, নন্দন শিল্প একাডেমি। দলীয় সংগীত পরিবেশন করবে পঞ্চভাস্কর, সুরতাল সংগীত একাডেমি, সমস্বর, নির্ঝরনী, সুরবিহার, সীমান্ত খেলাঘর আসর, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী।
উদ্যাপন পরিষদ জানিয়েছে, আগামী প্রজন্মের জন্য ধরিত্রীকে সবুজ করা, জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় প্রতীকীভাবে শিশু-কিশোরদের মাঝে ফলদ, বনজ এবং ঔষধি গাছের চারা বিতরণ করা হবে। অনুষ্ঠান পরিচালনায় থাকবেন আবৃত্তিশিল্পী আহসান দিপু।
ধানমন্ডির রবীন্দ্রসরোবরে সোমবার ভোর সাড়ে ৬টায় বর্ষা উৎসবের আয়োজন করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঢাকা মহানগর সংসদ। ওস্তাদ জাবীর ইমাম খান শাহীর রাগ ‘মিয়া কি মল্লার’ দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। দিনব্যাপী এই আয়োজনে পরিবেশিত হবে বর্ষার গান, কবিতা আর নাচের মনোহরী সব পর্ব।
উৎসবের সাংস্কৃতিক পর্বে উদীচীর কেন্দ্রীয় সংগীত বিভাগ ছাড়াও সমবেত সংগীত পরিবেশন করবেন শিল্পী অণিমা রায়, মাহমুদুল হাসান, আবদুল ওয়াদুদসহ উদীচীর উত্তরা ও ডেমরা শাখা।
বর্ষাকে বরণ করে নিতে ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর উৎসব আয়োজন করে উদীচী ঢাকা মহানগর সংসদ। ‘আষাঢ়ের গর্জনে নবযাত্রার ডাক, বৈষম্য বিনাশে মানুষ জেগে থাক’ স্লোগান থাকছে এবারের উৎসবে।