হোম > সারা দেশ > বরগুনা

তালতলীতে প্রতিবেশীকে ‘হত্যা’ করতে না পেরে দুই গরুকে কুপিয়ে জখম

আমতলী (বরগুনা) প্রতিনিধি 

ছবি: আজকের পত্রিকা

বরগুনার তালতলী উপজেলার হুলাটানা গ্রামে প্রতিবেশী বাহাদুর প্যাদাকে হত্যা করতে এসে তাঁকে না পেয়ে তাঁর দুটি গরুকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঁচাকোড়ালিয়া ইউনিয়নের সহসভাপতি ছত্তার হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন এ হামলায় অংশ নেন।

অভিযোগকারী বাহাদুর প্যাদা জানান, তাঁকে হত্যার উদ্দেশ্যে ছত্তার হাওলাদারের নেতৃত্বে হামেজ মৃধা, নাশির মৃধা, জসিম মৃধা, জুয়েল হাওলাদার, নজরুলসহ ২০-২৫ জন ধারালো অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে আসেন। তাঁকে না পেয়ে তাঁর দুটি গরুকে কুপিয়ে জখম করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছত্তার হাওলাদার ও তাঁর সহযোগীরা হুলাটানা গ্রামের শহীদ তালুকদারের এক একর জমি জোরপূর্বক দখল করে ঘের কাটছিলেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় গত ২০ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম ঘের কাটতে নিষেধাজ্ঞা দেন।

এ ঘটনার পেছনে বাহাদুর প্যাদা কলকাঠি নেড়েছেন বলে সন্দেহ করেন ছত্তার হাওলাদার ও তাঁর সহযোগীরা। এর জেরে বিভিন্ন সময়ে বাহাদুরকে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ছত্তার হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন ধারালো অস্ত্র নিয়ে বাহাদুরকে খুঁজতে আসেন। তাঁকে না পেয়ে তাঁর দুটি গরু কুপিয়ে জখম করা হয়।

এ বিষয়ে ছত্তার হাওলাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

তালতলী উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা সঞ্জয় সিকদার বলেন, গরুর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে। গরুর যথাযথ চিকিৎসা দেওয়া হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালতলীতে চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা

জমি নিয়ে বিরোধের জেরে পাথরঘাটায় রিকশাচালককে হত্যার অভিযোগ

৫৮ দিনের অপেক্ষার অবসান, মধ্যরাতেই সাগরে ফিরছেন জেলেরা

বরগুনায় বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু

বরগুনা ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা

পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান আটক

আমতলীতে বিদ্যালয়ের বই পুড়িয়ে ফেললেন প্রধান শিক্ষক

বরগুনায় গরু ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

বরগুনার আমতলীতে সড়ক দুর্ঘটনায় শ্যালক-দুলাভাই নিহত

বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার