হোম > সারা দেশ > বরগুনা

বঙ্গোপসাগরে জেলেদের দুই পক্ষের সংঘর্ষ, নিখোঁজ ২

পাথরঘাটা বরগুনা প্রতিনিধি

আহত ব্যক্তিদের হাসপাতালে নেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় জেলেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে চার জেলে আহত ও দুজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) গভীর রাতে বরগুনার পাথরঘাটা থেকে ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। জেলে ও ট্রলারমালিকের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।

নিখোঁজ জেলেরা হলেন চরদুয়ানী ইউনিয়নের আজিজ বয়াতির ছেলে মো. হিরু বয়াতি ও বেলায়েত গাজীর ছেলে জসিম গাজী। ঘটনার সময় প্রায় ৫ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যান অপর ট্রলারের জেলেরা।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেলা বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

জানা গেছে, উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মনির আকনের এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেরা বঙ্গোপসাগরে মাছ শিকার করছিলেন। ঠিক এমন সময় অপর একটি ট্রলার জালে পেঁচিয়ে যায়। এ নিয়ে এফবি মায়ের দোয়া ট্রলারের জেলেদের অপর ট্রলারের জেলেদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তখন অপর ট্রলারের (নামবিহীন) লোকজন আরও দুটি ট্রলার ডেকে এনে মনির আকনের ট্রলারের জেলেদের ওপর হামলা করেন। এতে চার জেলে আহত হন ও দুজন ট্রলার থেকে সাগরে পড়ে নিখোঁজ হন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মাছ ধরার সময় মনির আকনের মালিকানা ট্রলারের জেলেদের জালে অপর ট্রলারের প্যাঁচানো নিয়ে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তিনটি ট্রলারের জেলেরা মনির আকনের ট্রলারে হামলা করেন। এতে চারজন আহত হন এবং দুজন নিখোঁজ হন। আহত জেলেদের পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। নিখোঁজ দুই জেলের সন্ধান মেলেনি।

ট্রলারের মালিক ও মাঝি মনির আকন বলেন, ‘আমরা গভীর সমুদ্রে মাছ ধরার সময় এফবি মুন্না নামের একটি ট্রলার আমাদের জালের ওপর উঠে যায়। বাধা দিলে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।’

মনির আরও বলেন, ‘আমরা ট্রলার সরিয়ে নেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণের মধ্যে আরও তিনটি ট্রলার আমাদের ঘিরে ফেলে। পরে এলোপাতাড়ি মারধর করে।’ মনিরের অভিযোগ, হামলাকারীরা ট্রলার থেকে চার-পাঁচ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। শুধু তা-ই নয়, তারা ট্রলারের জালও কেটে নিয়ে যায়।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত জেলেদের চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ঝুঁকিমুক্ত।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেলা বলেন, ‘সাগরে জেলেদের মারামারির ঘটনার অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

হরিণ শিকারের দায়ে দণ্ডিত স্বামী, তালাক নোটিশ পাঠালেন স্ত্রী

বরগুনার তালতলী: খাল খননে দায়সারা কাজ

পাউবোর জমিতে হাটবাজার ও বহুতল ভবন, পেছনে মামুন

পাথরঘাটায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

সুন্দরবন ও বঙ্গোপসাগরে ফের জলদস্যু আতঙ্ক, পাথরঘাটায় জেলেদের মানববন্ধন

পাথরঘাটায় ট্রলারের ইঞ্জিন চুরি করে বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

বরগুনায় সড়ক সংস্কার: খোয়া ফেলে কাজ বন্ধ, বিক্ষোভ

আমতলীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

কুপিয়ে আহত করার জেরে গণপিটুনিতে যুবক নিহত

বরগুনা-১ আসনে হাতপাখার জয়