
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া ও জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়।
খালেদা জিয়ার ওপর আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে কখনোই কারও সঙ্গে আপস করেননি।
খালেদা জিয়ার শাসনকালের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নে বিপ্লব ঘটিয়েছেন। প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা, উন্মুক্ত ও জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি খাতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের অনুমতি ছিল তাঁর দূরদর্শী সিদ্ধান্ত।
মির্জা ফখরুল বলেন, কারামুক্ত হওয়ার পর বেগম খালেদা জিয়া কোনো প্রতিহিংসা নয়, বরং ঐক্যের ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন ‘‘আসুন আমরা ভালোবাসার বাংলাদেশ গড়ে তুলি।’’ বিএনপি মহাসচিব স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, ‘বেগম জিয়ার এই দর্শনই আমাদের আগামীর পথ চলার প্রেরণা।’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন। তিনি বলেন, খালেদা জিয়া যত আসনেই নির্বাচন করেছেন সবকটিতেই তাঁর জয় এসেছে।
দলের প্রয়াত চেয়ারপারসনকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজকে সেই গণতন্ত্রের মা আমাদের মাঝে নেই। তবে তিনি মানুষের মাঝে আছেন। তিনি জীবিত থাকবেন গণতন্ত্রের অনুপ্রেরণা হিসেবে।’ একাত্তরের মুক্তিযুদ্ধের ও জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।
জামায়াতের এটিএম আজহারুল ইসলাম বলেন, ‘আমরা যারা কারাগারে ছিলাম তারা কেউ জুলাইকে অস্বীকার করতে পারব না। আমি জামায়াতের দায়িত্ব থাকার সময় খালেদা জিয়ার সঙ্গে নানান আন্দোলন সংগ্রাম করেছি। তিনি দেশের প্রতি সব সময় আপসহীন ছিলেন। দেশের সব বিষয়ে তিনি অটল ছিলেন।’
আজহারুল ইসলাম আরও বলেন, ‘আমরা যাদের সঙ্গে আন্দোলন করেছি তারা আজ অনেকে এই সংসদে নেই। সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীর সঙ্গে আমি ছাত্রাবস্থা থেকে ছিলাম। উনাকে মিথ্যা মামলা দিয়ে হত্যা করা হয়েছে। আমাকেও মিথ্যা মামলায় ফাঁসির হুকুম দেওয়া হয়েছিল। নিজামীকেও মিথ্যা নাটক সাজিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল। জামায়াতের সাবেক নায়েবে আমির সাবেক সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাসপাতালে ভর্তি করে ভুল চিকিৎসায় হত্যা করা হয়েছে।’
খালেদা জিয়ার ওপর আলোচনায় আরও অংশ নেন সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম প্রমুখ।
জুলাই যোদ্ধাদের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থান মানে শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, এটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা। গণভোটের রায় অনুযায়ী আমরা যেমন সংসদ সদস্য একইভাবে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। আমাদের সরকারি দলের বন্ধুরা অবিলম্বে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেবেন বলেই আমরা বিশ্বাস করি। আমরা একই সাথে গণতান্ত্রিক সংস্কারগুলো সাধন করতে চাই। ৭০ শতাংশ মানুষ গণভোটে তাদের রায় জানিয়ে দিয়েছে।’
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা জুলাই গণহত্যার বিচার চাই, শরিফ ওসমান হাদি হত্যার বিচার চাই, গুম খুনের বিচার চাই, বিগত সময় হওয়া লুটপাট এবং দুর্নীতির বিচার চাই, জুলাই মানে নতুন বন্দোবস্ত গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন দেশ। জুলাই মানে আধিপত্যবাদ মুক্ত, ফ্যাসিস্ট মুক্ত দেশ। জুলাই মানে মানবিক মর্যাদা ও দায় ও দরদের বাংলাদেশ।’
জুলাইয়ের গণ-অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ ধারণ করে তাদের আকাঙ্ক্ষা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, জুলাই শহীদদের রক্তের ঋণে জাতি আজ আবদ্ধ। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সরকার, সংসদ নেতা, বিরোধী দল এবং সব সংসদ সদস্যকে একসঙ্গে কাজ করতে হবে। তাহলেই শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব হবে।
এ আরও বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। পরে জাতীয় সংসদে আনীত শোকপ্রস্তাবগুলো গৃহীত হয়। শেষে মৃতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর নিরাপদ ও নির্বিঘ্নে উদ্যাপনের জন্য বাংলাদেশ পুলিশ যাত্রী ও যাত্রীসেবা প্রদানকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা পরামর্শ দিয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার। সংসদের রীতি অনুযায়ী প্রথম অধিবেশনে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজকের পত্রিকার পাঠকদের জন্য পুরো ভাষণ তুলো ধরা হলো:
৩২ মিনিট আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি সরকারের ট্র্যাক রেকর্ড রয়েছে। তৎকালীন আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়ে ২০০১ সালের জুন মাসে ক্ষমতা থেকে বিদায় নিয়েছিল।
১ ঘণ্টা আগে
বিমান চলাচলের নিরাপত্তা জোরদার ও জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার কার্যক্রম নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের (এফএসসিডি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
২ ঘণ্টা আগে