সুন্দরবনে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে (৩৮) অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে। আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাঁকে আটক করা হয়।
দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শেলা নদীসংলগ্ন মূর্তির খাল এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলা কর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য ওসমান গণিকে আটক করা হয়।
পরে আটক ডাকাতের তথ্যের ভিত্তিতে এলাকায় তল্লাশি করে একটি একনলা বন্দুক, ১৬টি তাজা কার্তুজ এবং ৫টি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়।
সাব্বির আলম বলেন, আটক ডাকাত ওসমান গণি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলেন। জব্দ আলামত ও আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।